নিবিড় পরিচর্যাকেন্দ্রে আজম খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপসম্রাটখ্যাত সংগীত শিল্পী মুক্তিযোদ্ধা আজম খানকে গতকাল শনিবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। এর আগে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ছিলেন। সেখান থেকে স্থানান্তর করা হলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন। গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আজম খানের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত চিকিৎসক আবদুল্লাহ আল জামিল ও তাঁর বড় মেয়ে ইমা খান এ কথা জানান।ইমা খান বলেন, ‘বাবার অবস্থা গতকালের চেয়ে আজ কিছুটা ভালো মনে হয়েছে। ইশারায় অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার কথা বলেছেন।’ তিনি পানি খেতেও চেয়েছেন বলে জানান ইমা। ইমা তাঁর বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।ড. আবদুলল্লাহ আল জামিল সাংবাদিকদের বলেন, ‘তাঁর হার্টের অবস্থা এখন আগের চেয়ে ভালো। তাই তাঁকে আমরা আইসিইউতে স্থানান্তর করেছি। তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন। কারণ, এ ধরনের রোগী সম্পর্কে কখনোই সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। ক্যানসার তাঁর শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কাঁধ, বুক ও ফুসফুস ছড়িয়ে পড়েছে। তাঁর ফুসফুস প্রায় সাদা হয়ে গেছে। সব মিলিয়ে তিনি আগের চেয়ে ভালো। এই ভালো শুধু হার্টের ক্ষেত্রে, তাঁর অন্যান্য রোগের ক্ষেত্রে নয়।’উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে আজম খানের হার্ট অ্যাটাক হয়। এরপর তাঁকে স্কয়ার হাসপাতালের সিসিইউতে রাখা হয়। শুক্রবার সকালের দিকে অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। স্কয়ার হাসপাতালের সাত সদস্যের চিকিৎসক বোর্ড গঠন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইমা খান জানান, শনিবার সকালে আজম খান চোখ মেলেন এবং এরপর থেকেই কাগজে লিখে নিজের মনের ভাব প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি বারবার পানি পানের কথা বলছেন। কিন্তু পানি তাঁর যকৃৎ ও ফুসফুসে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় তাঁকে পানি পান থেকে বিরত থাকতে চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন।গতকাল হাসপাতালে এই শিল্পীকে দেখতে এসেছিলেন খুরশিদ আলম, নকীব খান, ফাহমিদা নবী, আগুনসহ সংগীতাঙ্গনের অনেকেই। এ ছাড়া আরও এসেছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য ও ড্যাবের সাধারণ সম্পাদক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। উল্লেখ্য, ২২ মে আজম খান তাঁর বাঁ-হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। ওই দিনই তাঁকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে আজম খানের মুখগহ্বরে ও জিহ্বার নিচে ক্যানসার ধরা পড়ে। এরপর ১৪ জুলাই উন্নত চিকিৎসার জন্য শিল্পীদের সম্মিলিত উদ্যোগে পাঠানো হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। তারপর ২০ জুলাই মাউন্ট এলিজাবেথ মেডিকেল সেন্টারের ইএনটি হেড ও নেক সার্জন বিভাগের প্রধান অ্যান্ড্রু লয় হেং চেংয়ের তত্ত্বাবধানে আজম খানের মুখে সফল অস্ত্রোপচার করা হয়।সর্বশেষ ২৭ ডিসেম্বর ২০১০ সালে ২১টি টমোথেরাপি (রেডিওথেরাপি) ও একটি কেমোথেরাপি নেওয়ার পর কয়েকটি থেরাপি বাকি রেখেই দেশে ফিরে আসেন তিনি।