নিভে গেল ছিটমহলের সব বাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরের ১৬২টি ছিটমহলের বাতি আজ শনিবার সন্ধ্যা সাতটায় বাতি নিভিয়ে দেওয়া হয়েছে। কাল রোববার রাত পর্যন্ত কোনো ঘরে আলো জ্বলবে না।আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছিটমহলের বাসিন্দারা প্রথমে বিক্ষোভ মিছিল, পরে সমাবেশ করেন। বাংলাদেশ-ভারত ছিটমহল সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘ছিটমহলের মানুষ দীর্ঘদিন অন্ধকারেই ছিল। ছিটমহল-বিনিময় চুক্তির মাধ্যমে আমরা আলোর মুখ দেখতে চেয়েছিলাম। কিন্তু চুক্তি বাস্তবায়নের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়ায় আমরা দুই রাত বাংলাদেশ ও ভারতের সমস্ত ছিটমহলে আলোবিহীন রাতযাপন কর্মসূচি পালন করছি।’এদিকে ছিটমহল-সমস্যা দ্রুত সমাধানের দাবিতে পঞ্চগড়ের গারাতি ছিটমহলে আজ হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ছিটমহলের বাসিন্দারা বলেন, সমস্যার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।আজ সকালে বিক্ষোভ মিছিলে নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুরা অংশ নেয়। মিছিলটি ছিটমহলের বিভিন্ন গ্রাম ঘুরে শালবাড়ী মাঠে শেষ হয়।সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছিটমহলের নেতা শাহিদ মুন্সি, ফয়জুল হক সরদার, শাহ আলম, আনছার আলী, নুর হোসেন প্রমুখ।ভারত-বাংলাদেশ ছিটমহল-বিনিময় সমন্বয় কমিটির অন্যতম নেতা মো. সিরাজুল ইসলাম মুঠোফোনে গতকাল সাংবাদিকদের বলেন, বাংলাদেশি নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত এ কর্মসূচির পাশাপাশি আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তিনি বলেন, ‘আমাদের কোনো দেশ নেই, পরিচয় নেই, আমাদের বসবাস অন্ধকার জগতে। তাই আমাদের নাগরিকত্ব দিয়ে আলোর জগতে না ফেরানো পর্যন্ত আমরা সন্ধ্যার পর বাড়িঘরে কোনো আলো জ্বালাব না।’