পরিবারের সবচেয়ে ছোট বলেই আল আমিন ছিল সবার আদরের। সবকিছুই তার চাই সবার আগে। লঞ্চ থেকে নৌকায় নামার সময়ও নয় বছরের আল আমিন নেমেছিল সবার আগে। দুরন্ত ভাইটিকে সামাল দিতে সঙ্গী হয়েছিল ১২ বছরের বোন নাসিমা ও মেজো ভাই মনির। অন্যরা তখনো লঞ্চে। তাদের পেছনে। নিমেষে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। অন্য একটি লঞ্চ এসে ধাক্কা দিল ছোট্ট কোষা নৌকাটিকে। দুই লঞ্চের মাঝখানে পড়ে গুঁড়িয়ে যায় নৌকাটি। মনির লাফিয়ে লঞ্চে উঠে পড়লেও চোখের পলকে নিভে যায় প্রাণচঞ্চল দুই ভাইবোন নাসিমা ও আল আমিনের জীবনপ্রদীপ। গতকাল রোববার সদরঘাট লঞ্চ টার্মিনালে এই ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সদরঘাট লঞ্চ টার্মিনালে অধিকাংশ দুর্ঘটনা ঘটে লঞ্চ থেকে নৌকায় উঠতে কিংবা নামতে গিয়ে। লঞ্চে যখন অতিরিক্ত ভিড় থাকে, তখন যাত্রীরা সময় বাঁচাতে ডিঙি নৌকায় করে লঞ্চের পাশে গিয়ে ওঠানামা করেন। এভাবে ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ঈদের সময় ভিড় বেশি বলে ঈদের পরদিন আল আমিন ও নাসিমারা সপরিবারে বেড়াতে গিয়েছিল মেহেন্দীগঞ্জে তাদের গ্রামের বাড়িতে। গতকাল রোববার সকালে তারা কোকো-১ লঞ্চে করে ঢাকায় এসে পৌঁছায়। সদরঘাটে থেমে থাকা লঞ্চ থেকে তারা ডিঙি নৌকায় উঠছিল তাদের বাসা কামরাঙ্গীরচরে যাওয়ার জন্য। সবার আগে নৌকায় উঠেছিল আল আমিন ও নাসিমা। লঞ্চে ছিলেন তাদের বাবা আনিস মিয়া, বড় ভাই গোলাম মোস্তফা ও তাঁর স্ত্রী মৌসুমি আক্তার, মেজো ভাই মনির হোসেন এবং খালা নেকু বেগম। প্রত্যক্ষদর্শী নিহত দুজনের ভাবি মৌসুমী আক্তার প্রথম আলোকে জানান, নৌকাটি কোকো-১ লঞ্চের সঙ্গে বাঁধা ছিল। আল আমিন, নাসিমা ও মনির নৌকায় ওঠার পরপরই পাশের ময়ূর-২ লঞ্চটি ঘোরানোর সময় পেছন দিক থেকে তাদের নৌকাটিকে চাপা দেয়। এতে নৌকাটি গুঁড়িয়ে যায়। মাঝি ও মনির লাফিয়ে লঞ্চে উঠতে পারলেও আল আমিন ও নাসিমা ডুবে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নদী থেকে শিশু দুটিকে উদ্ধার করেন। নাসিমার মাথার এক পাশ থেঁতলে গিয়েছিল। সে ঘটনাস্থলেই মারা যায়। আল আমিনেরও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাসিমা ও আল আমিন কামরাঙ্গীরচরের আশরাফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়ত।মৌসুমী আক্তার জানান, ঈদের পরদিন রোববার নাসিমা, আল আমিনসহ পরিবারের সাতজন মিলে গ্রামের বাড়ি গিয়েছিলেন। বেড়ানো শেষে গত শনিবার রাতে লঞ্চে ওঠের তাঁরা। সকালে লঞ্চ থেকে নামার সময় তাঁর স্বামী গোলাম মোস্তফা কামরাঙ্গীরচরের বাসায় যাওয়ার জন্য ১০০ টাকায় ওই ডিঙি নৌকা ভাড়া করেন। মনির হোসেন জানান, তাঁরা তিন ভাই দুই বোন। বাবা আনিস মিয়া বৃদ্ধ। তাই তাঁরা দুই ভাই সংসারের হাল ধরেছেন। বড় ভাই গোলাম মোস্তফা একটি প্লাস্টিক কারখানায় ও তিনি একটি জুতার কারখানায় কাজ করেন। তাঁরা রাজধানীর কামরাঙ্গীরচরের নিজামবাগে আনোয়ার হাজির টিনশেড বাড়িতে ভাড়ায় থাকেন। গতকাল দুপুরে নিজামবাগের ওই বাড়িতে গিয়ে দেখা যায়, নিহত নাসিমার লাশ কক্ষের বারান্দার মেঝেতে রাখা হয়েছে। আল আমিনের লাশ তখনো ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে বাসায় আনা হয়নি। আল আমিন ও নাসিমার মা মরিয়ম অসুস্থতার জন্য গ্রামে যাননি। তিনি আরেক মেয়ে হাসিনাকে নিয়ে কামরাঙ্গীরচরেই ছিলেন। দুই সন্তানের আকস্মিক মৃত্যুতে তিনি শোকে পাথর হয়ে গেছেন। বুকভাঙা বিলাপ করছিলেন বোন হাসিনা। এ সময় আত্মীয়স্বজনেরা তাঁদের সান্ত্বনা দিচ্ছিলেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক জাহিদুর রহমান প্রথম আলোকে জানান, কোকো-১ লঞ্চটি সদরঘাটে নোঙর করার পর নাসিমা ও আল আমিন বাবা-ভাইদের সঙ্গে ডিঙি নৌকায় ওঠার সময় ময়ূর-২ লঞ্চ তাদের নৌকাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নাসিমা মারা যায়। আহত আল আমিনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। গতকাল লঞ্চ দুটির মালিকপক্ষ নিহত দুজনের পরিবারকে আর্থিক সহায়তা করে। এ কারণে পরিবারের লোকজন কোনো মামলা করেননি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর বিকেলে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।