নিম চন্দ্রের শিষ্টাচারবর্জিত কর্মকাণ্ড তদন্ত হচ্ছে
নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত নিম চন্দ্র ভৌমিকের কূটনৈতিক শিষ্টাচারবর্জিত কর্মকাণ্ড এবং আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের সরকারি দল কাল রোববার কাঠমান্ডু যাচ্ছে। চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের নেতৃত্বে তিন সদস্যের এ দলটি নিম চন্দ্রের বিরুদ্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখবে।নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, মুন্সি ফয়েজের নেতৃত্বাধীন দলের অন্য দুই সদস্য হচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পবন চৌধুরী ও সংস্থাপন বিভাগের যুগ্ম সচিব রইসুল আলম মণ্ডল। ওই প্রতিনিধিদলের আগামী ৪ নভেম্বর পর্যন্ত নেপাল অবস্থান করার কথা রয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, এর আগেও একাধিক তদন্ত দলের প্রতিবেদনে নিম চন্দ্রের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর প্রমাণ মিলেছে। এর পরও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর বিভিন্ন মহল থেকে তাঁকে বাঁচানোর জন্য তত্পরতা জোরদার হয়। আর তাদের চাপে পড়ে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সরকার সমালোচিত হয়। এ প্রেক্ষাপটে সরকারের শীর্ষ পর্যায় থেকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখতে জ্যেষ্ঠ এক কূটনীতিকের নেতৃত্বে এ তদন্ত দল পাঠানো হচ্ছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০৯ সালে রাজনৈতিক বিবেচনায় নেপালে রাষ্ট্রদূত নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক নেতা নিম চন্দ্র ভৌমিক। তাঁর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পররাষ্ট্রসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল কাঠমান্ডু সফর করে গত মে মাসে একটি প্রতিবেদন দেয়। প্রতিবেদনে অন্তত ১৮টি ঘটনার বর্ণনা রয়েছে, যাতে রাষ্ট্রদূতের কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন ও আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নেপালের পররাষ্ট্র দপ্তর অনানুষ্ঠানিকভাবে নিম চন্দ্রকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। যদিও ওই প্রতিবেদন দেওয়ার পর চার মাস পেরিয়ে গেলেও নিম চন্দ্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সরকার।নিম চন্দ্রের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে কেন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে গত ১৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খুব শিগগির ঢাকা থেকে আরেকটি তদন্ত দল নেপালে যাচ্ছে।নিম চন্দ্র ভৌমিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পররাষ্ট্রসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল কাঠমান্ডু সফর করে গত মে মাসেই একটি প্রতিবেদন দেয়।প্রতিবেদনে অন্তত ১৮টি ঘটনার বর্ণনা রয়েছে, যাতে রাষ্ট্রদূতের কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন ও আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়। এগুলো হলো—ভূলুণ্ঠিত দেশের পতাকা: ২০১০ সালের ১৭ মার্চ হোটেল ইয়াক অ্যান্ড ইয়াতিতে মুজিবনগর দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে নিম চন্দ্র ভৌমিক নেপাল সেনাবাহিনীর বাদক দলকে বাংলাদেশ ও নেপালের পাশাপাশি ভারতীয় জাতীয় সংগীত বাজানোর নির্দেশ দেন। কারণ, সেখানে অভ্যাগতদের মধ্যে ছিলেন মিত্র বাহিনীর সদস্য জেনারেল জ্যাকব। পরদিন নিম চন্দ্র তাঁর নিজের গাড়িতে ভারতীয় পতাকা লাগিয়ে জ্যাকবকে নিয়ে বিভিন্ন সভায় যান।টাকাপয়সা নয়-ছয়: প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাসের কর্মীদের জন্য বরাদ্দ করা গাড়িটি (টয়োটা করোলা) তিনি মাত্র তিন হাজার মার্কিন ডলারে বিক্রি করেন। অথচ নেপালে ওই গাড়ির দাম ছিল ১০ হাজার ডলার।বিদেশি নারীদের প্রতি প্রশ্নবিদ্ধ আচরণ: তদন্ত প্রতিবেদন অনুযায়ী, কাঠমান্ডুতে যাওয়ার পর থেকেই তিনি পিছু নেন ভারতীয় এক নারী কূটনীতিকের। তিনি সেখানকার দূতাবাসের মুখপাত্র হিসেবে কাজ করছেন। যখন তখন ফোন করে তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ, তাঁকে নিয়ে লংড্রাইভে যাওয়ার প্রস্তাব দেওয়া, বলা-কওয়া ছাড়াই তাঁর বাসভবনে গিয়ে হাজির হওয়ার অভিযোগ রয়েছে।অভিনেত্রী মনীষা কৈরালার সঙ্গেও অসংগত আচরণ করেন নিম চন্দ্র ভৌমিক।মোটরসাইকেলে চড়ে: মোটরসাইকেলে ঘুরে বেড়ান নিম চন্দ্র ভৌমিক। দূতাবাসের হিসাবরক্ষক হারুনুর রশিদ তাঁর চালক। মোটরসাইকেলে চড়ে তিনি বিভিন্ন নাইট ক্লাব ও পানশালায় যান।