নিমতলী অগ্নিকাণ্ডে আরও এক শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নিমতলীর অগ্নিকাণ্ডে গুরুতর আহত পাঁচ বছরের শিশু সায়েম মারা গেছে।আজ রোববার বিকেল পাঁচটায় সায়েম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা হলো ১১৮। সিএমএইচ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এখন ৩৮ জন চিকিত্সাধীন। তাদের মধ্যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ২৫ জন এবং সিএমএইচে আছে ১৩ জন। সংকটাপন্ন ১০ জনের অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি বলে চিকিত্সকেরা জানিয়েছেন।বার্ন ইউনিটের অধ্যাপক মো. শহিদুল বারী প্রথম আলোকে জানান, যাদের শরীর কম দগ্ধ হয়েছে, তারা বেঁচে গেলেও তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে কমপক্ষে দুই মাস লাগবে। হাসপাতালের তাদের কমপক্ষে ১৫ দিন চিকিত্সা নিতে হবে।হাসপাতাল পরিদর্শনের সময় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, রোগীর চিকিত্সাসেবা তদারকিতে তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে এসেছেন। রোগীকে দিয়ে ওষুধ কেনালে কিংবা হাসপাতালে অব্যবস্থাপনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসেছেন।লকেট দেখে লাশ শনাক্ত: ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে হাবিবা বেগম (৪৪) নামের এক নারীর লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সন্ধ্যায় তাঁর ফুপাত ভাই ফিরোজ রেজা আগুনে পুড়ে বিকৃত হওয়া এই নারীর লাশ তাঁর গলায় থাকা লকেট দেখে শনাক্ত করেন। হাবিবা নিমতলীতে জামিলের বিয়ের পান-চিনি অনুষ্ঠানে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তিনি জামিলের খালা। এ ছাড়া ছয়টি লাশ এখনো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পড়ে আছে।