নিমতলীতে অগ্নিকাণ্ড: ১১৭ জনের মৃত্যু, কাল রাষ্ট্রীয় শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার নবাব কাটরার নিমতলীতে গতকাল রাতে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।মহিবুল হক বলেন, এ পর্যন্ত ১১৬টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি এবং মিটফোর্ড হাসপাতালে ১১টি লাশ পড়ে আছে। চেহারা বিকৃত হয়ে পড়ায় স্বজনেরা তাদের শনাক্ত করতে পারছে না। তিনি জানান, চিকিত্সায় অতিরিক্ত খরচের জন্য প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে আহতদের দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি আহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা এবং আহতদের চিকিত্সায় সর্বশক্তি নিয়োগে চিকিত্সকদের নির্দেশ দেন। গুরুতর আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে চিকিত্সা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরে কাল শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী আজ দেশের মসজিদসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আহ্বান জানিয়েছেন।গতকাল রাত নয়টার দিকে নিমতলীতে একটি বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ট্রান্সফরমারের নিচেই ছিল ভাঙারি ও পুরোনো বইপুস্তকের দোকান। এতে করে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সরু গলি ও পাশাপাশি ভবনের কারণে লোকজনের বের হওয়ার কোনো উপায় ছিল না। আগুন, অন্ধকার আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ভবনগুলো মৃত্যুকূপে পরিণত হয়। দমকল বাহিনীর ১২টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভায়।