নিমতলীতে শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে
রাসায়নিক দ্রব্য পোড়া আগুনের বিষাক্ত গাঢ় ধোঁয়া আর প্রচণ্ড তাপ নিমতলীর ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগুনে না পুড়লেও বিষাক্ত ধোঁয়ায় শ্বাসজনিত নানা রোগে ভুগতে হতে পারে তাদের। ৪৩/১ নম্বর নবাব কাটরার নিচতলায় ফারুক হোসেনের গুদামে মূলত টলুইন ডাইআইসোসায়ানেট (টিডিআই) ও মিথাইল ক্লোরাইড (এমসি) নামে দুটি রাসায়নিক ছিল। এগুলো ফোম ও জুতার সোল তৈরির কাজে ব্যবহূত হয়। তাপ বা আগুনের সংস্পর্শে এই রাসায়নিক বিস্ফোরকের মতো বিস্ফোরণ ঘটাতে পারে।ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক সেলিম নেওয়াজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিকভাবে এ রাসায়নিকগুলোকে বিস্ফোরকের সমতুল্য মনে করা হয়। এগুলোর পোড়া ধোঁয়াও সাংঘাতিক বিষাক্ত। তিনি বলেন, মিথাইল ক্লোরাইডের ধোঁয়া ফুসফুসে গেলে মুহূর্তের (কয়েক সেকেন্ডের) মধ্যে মানুষের মৃত্যু ঘটে। এর (এমসি) দহনশক্তি এত বেশি যে খালি চোখে ধোঁয়া দেখা যায় না। থার্মাল ক্যামেরা দিয়ে এর ধোঁয়া দেখতে হয়।আর টিডিআইও বিষাক্ত ধোঁয়া উৎপন্ন করে। এই ধোঁয়া ফুসফুসে গেলে শ্বাস-প্রশ্বাসের সমস্যা, চামড়া ও চোখের ক্ষতি হতে পারে। এ ছাড়া এই ধোঁয়ায় কয়েক সেকেন্ডের মধ্যে দম বন্ধ (সাফোকেশন) হয়ে মানুষের মৃত্যুও হয়।শ্বাস-প্রশ্বাস সমস্যায় অনেকে: নবাব কাটরার পুড়ে যাওয়া গলিতে গত সোমবার একটি প্রাথমিক চিকিৎসাকেন্দ্র স্থাপন করে ঢাকা সিটি করপোরেশন। এই কেন্দ্রের চিকিৎসক ফেরদৌস কামাল প্রথম আলোকে জানান, গত তিন দিনে তাঁরা ২৫ জন তীব্র শ্বাসকষ্টজনিত সংক্রমণ (এআরআই) রোগীকে চিকিৎসা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, গাঢ় ধোঁয়া ও প্রচণ্ড তাপে তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব রোগীর কারোরই আগে শ্বাসকষ্ট ছিল না বলে তারা চিকিৎসককে জানিয়েছে। তিনি জানান, আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগ শিশু।এলাকায় ঘুরে জানা গেছে, আগুনের পর অনেকেই কাশি, শ্বাসকষ্ট, নাক দিয়ে পানি পড়াসহ বিভিন্ন সমস্যায় ভুগছে। চিকিৎসক ফেরদৌস জানান, তীব্র শ্বাসকষ্টজনিত সংক্রমণের (এআরআই) প্রধান উপসর্গ হচ্ছে শ্বাসকষ্ট, নাক দিয়ে পানি পড়া, কাশি, জ্বর আসতে পারে, চোখ লাল হতে পারে। তবে সবার আগে দেখতে হবে কাশি আছে কি না ও নাক দিয়ে পানি পড়ে কি না।অগ্নিদগ্ধদের অবস্থার উন্নতি: দগ্ধ ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থার উন্নতি হয়েছে। এদের মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দুজন ও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছে একজন। এ ছাড়া এই দুই হাসপাতালে চিকিৎসাধীন ১১ জনের অবস্থা সংকটাপন্ন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক সামন্তলাল সেন প্রথম আলোকে বলেন, ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা আলভী রহমানের অবস্থার উন্নতি হয়েছে। ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী আলভী গতকাল চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছে। তার মা স্কুলশিক্ষিকা ইউনিটের পঞ্চম তলায় চিকিৎসাধীন। তাদের গৃহকর্মী জোসনা চিকিৎসাধীন অবস্থায় আগেই মারা গেছে। যোগাযোগ করা হলে সিএমএইচের চিকিৎসক মেজর আতাউর রহমান জানান, তাঁদের হাসপাতালের বার্ন ইউনিটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন চিকিৎসক বাদল চন্দ্র বর্মণ ও যুবক সোহেলের অবস্থার উন্নতি হয়েছে। বাদলের স্ত্রী চামেলী সরকার ও মেয়ে আরজিকা বর্মণ এই হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক বাদলের বোন ববিতা বর্মণ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আইসিইউতে আছেন। মেজর আতাউর জানান, আইসিইউতে থাকা মাহমুদা বেগম, শাহিদা বেগম ও লিজা আক্তারের কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস চলছে। হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন চার বছরের শিশু অদিতির অবস্থারও অবনতি হয়েছে। সিএমএইচে থাকা ১২ জনের শরীরের প্রত্যেকেরই ৪০ শতাংশ পুড়ে গেছে। প্লাস্টিক সার্জন সামন্ত লাল সেন জানান, স্নাতক পরীক্ষার্থী ববিতা বর্মণের অবস্থার অবনতি ঘটায় তাঁকে আইসিইউতে আনা হয়েছে। আইসিইউর দুজন ছাড়া অন্যদের অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিদিন নিমতলীর অগ্নিদগ্ধদের জন্য ওষুধ কিনে দিচ্ছে। বার্ন ইউনিটে পর্যাপ্ত ওষুধ রয়েছে। কেউ ওষুধ না পেলে তাঁর সঙ্গে যোগাযোগের জন্য তিনি অনুরোধ করেন। বতর্মানে সিএমএইচ, ঢাকা মেডিকেলের ওয়ার্ড ও বার্ন ইউনিট মিলিয়ে দগ্ধ ৩৬ জন চিকিৎসাধীন রয়েছে।