নিমতলীর আগুনের জন্য দায়ী দাহ্য রাসায়নিক তালিকায় নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আবাসিক এলাকা থেকে দাহ্য রাসায়নিক পদার্থের মজুদ অপসারণের জন্য ভ্রাম্যমাণ আদালত যে তালিকা অনুসরণ করছেন, তাতে নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য দায়ী রাসায়নিক ডিএনটিপিসহ আরও বেশ কয়েকটি পদার্থের নাম নেই।আবাসিক এলাকায় এ পর্যন্ত পরিচালিত দুটি অভিযানে বিপজ্জনক পদার্থের উপস্থিতি পেলেও শুধু তালিকায় নাম না থাকায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আদালতের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করতে পারেনি। এ কারণে বিপজ্জনক রাসায়নিক মজুদবিরোধী অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।অভিযানে বিস্ফোরক অধিদপ্তরের তৈরি করা ২০টি অতি দাহ্য রাসায়নিক পদার্থের তালিকা অনুসরণ করা হয়। এতে ১২৫ জনের মৃত্যুর জন্য দায়ী নিমতলীর আগুন সৃষ্টিকারী এনএনডাই নাইট্রোসো পেন্টামিথিলিন টেট্রামিন (ডিএনটিপি), টলুইন, মাইক্রোফাইন পিটি, কার্বন ব্রাকসহ আরও বহু রাসায়নিকের নাম অনুপস্থিত। নবাব কাটরার পুড়ে যাওয়া ভবনের নিচের গুদামে বেশ কয়েক রকমের ৫০ থেকে ৫২ টন রাসায়নিক ছিল বলে জানিয়েছিলেন ব্যবস্থাপকেরা।তালিকার বাইরে কয়েক শ: সংশ্লিষ্ট ব্যক্তিরাই বলছেন, তালিকাভুক্ত ২০টির বাইরে আরও কয়েক শ রকম দাহ্য রাসায়নিক রয়েছে। কিন্তু অভিযানে শুধু ২০টি পদার্থের তালিকা অনুসরণ করায় বিপদের ঝুঁকি থেকেই যাচ্ছে।গত বুধবার যাত্রাবাড়ীর জুতা তৈরির আঠার কারখানায় আগুন লাগার পরও ঘটনাস্থলে বিপজ্জনকভাবে দাহ্য পদার্থ রাখার প্রমাণ পেয়েছে দমকল বাহিনী (ফায়ার সার্ভিস)। তারা ওই সব রাসায়নিকের একটি তালিকাও করেছে। দমকলের গুদাম পরিদর্শকেরা প্রথম আলোকে বলেন, এর প্রতিটি রাসায়নিক দাহ্য এবং বিস্ফোরণ ঘটাতে সক্ষম। কিন্তু এগুলোও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুসৃত ২০টি দাহ্য রাসায়নিকের অন্তর্ভুক্ত নয়। তালিকার রাসায়নিকগুলোর মধ্যে রয়েছে টলুইন, থিনার-বি, থিনার-সি, পিভিসি থিনার, ডাই-অ্যাসিটোন অ্যালকোহল, অ্যাসিটোন, বিউটাইল অ্যাসিটেট, আইসো-বিউটানল, ডিএল-২৫৭৫, ইথাইল অ্যাসিটেট, ইথানল, হেভি অ্যারোমেটিক, আইসো-প্রোপাইল অ্যালকোহল, মিথানল, মিথাইল ইথাইল কিটোন, মিথাইল আইসো-বিউটাইল কিটোন, এন-প্রোপাইল অ্যাসিটেট, প্রোপাইল অ্যালকোহল, প্রোপাইলিন গ্লাইকল ও জাইলিন বা মিক্সড জাইলিন।তালিকার বাইরের কয়েকটি: যাত্রাবাড়ীতে অগ্নিকাণ্ডের পর লিলি কেমিক্যালের গুদামে পাওয়া রাসায়নিকের একটি তালিকা করেছে দমকল। ওই তালিকায় আছে রেজিন, পলিক্লোরোপ্রিন, টারওয়েল রেজিন, ম্যাগনেসিয়াম, মিথালিন ক্লোরাইড, প্রেপটাসিন, বায়োপ্রিন রাবার, প্রিটোসিন, ফেনলিক রেজিন, সিনথেটিক রাবারসহ আরও কয়েক রকমের রাসায়নিক পদার্থ। কারখানায় বিশাল তিনটি চুল্লির পাশে অরক্ষিতভাবে রাখা ছিল এসব পদার্থ। আগুন লাগার সঙ্গে সঙ্গেই এগুলো প্রচণ্ড বিস্ফোরণ ঘটায় এবং সাতজন শ্রমিক ঘটনাস্থলেই অঙ্গার হয়ে যান।৯৭ শতাংশের লাইসেন্স নেই!: পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় রাসায়নিক দ্রব্যের গুদাম ও কারখানা ঘুরে দেখা গেছে, অনেক স্থানেই লিলি কেমিক্যালের মতো অরক্ষিতভাবে দাহ্য রাসায়নিক পদার্থ রাখা হয়েছে।রাসায়নিকের গুদাম ও কারখানার কয়েকজন মালিক প্রথম আলোর সঙ্গে আলাপকালে জানান, রাসায়নিক দ্রব্যের দোকান, গুদাম ও কারখানার মোট সংখ্যা প্রায় ১০ হাজার। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, এর মধ্যে তাঁরা অনুসন্ধান চালিয়ে লাইসেন্সবিহীন ৯৩৮টি গুদাম ও কারখানা তালিকাভুক্ত করেছেন। এর বাইরেও রয়েছে নয় হাজার কারখানা, দোকান ও গুদাম। শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেন, এগুলোর মধ্যে ৯৭ শতাংশই সম্ভবত লাইসেন্সবিহীন। তাদের অগ্নিনির্বাপণেরও কোনো ব্যবস্থা নেই। মাত্র ৩৪টি প্রতিষ্ঠানের রাসায়নিক আমদানি ও বিপণন এবং ৭৪টি প্রতিষ্ঠানের রাসায়নিক থেকে পণ্য উৎপাদনের লাইসেন্স আছে বলে কর্মকর্তারা জানান।পারফিউম কেমিক্যাল ডাইস অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন শিল্প মন্ত্রণালয়ে পেশ করা ১৭ দফা একটি দাবিনামায় রাসায়নিকের ব্যবসায়ীর সংখ্যা ১৫ হাজার বলে উল্লেখ করেছে।অভিযানের দুর্বলতা: রাসায়নিক অপসারণের জন্য পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ঘুরে দেখা গেছে, রাসায়নিকের গুদাম ও কারখানার মালিকেরা আদালতকে বলছেন, তালিকাভুক্ত ২০টি রাসায়নিক তাঁরা সরিয়ে ফেলেছেন বা তাঁদের কাছে নেই। যেগুলো আছে, সেগুলো রাসায়নিক নয়।৩ অক্টোবর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে গিয়ে দেখা যায়, হোসেনি দালানের একটি গুদামের মালিক আদালতের উপস্থিতি টের পেয়ে তালা লাগিয়ে পালিয়ে গেছেন। দমকল বাহিনীর সদস্যরা তালা ভেঙে ভেতরে ঢুকে সেখানে সংরক্ষিত শুষ্ক রাসায়নিক পদার্থ চিহ্নিত করেন। তবে এই আদালতের সঙ্গে কোনো রসায়নবিদ না থাকায় এটি দাহ্য কি না, তা চিহ্নিত করা সম্ভব হচ্ছিল না। আদালতের সঙ্গে থাকা ফলিত রসায়ন পড়া র‌্যাবের সদস্য সৈকত হাসান বলেন, রাসায়নিকগুলো অত্যন্ত দাহ্য। এক ফোঁটা পানি পড়লেই এতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটতে পারে।এ সময় দমকল বাহিনীর সদস্যরা আদালতকে বলেন, ২০টি দাহ্য রাসায়নিকের তালিকায় না থাকায় এ ব্যাপারে তাঁরা অভিযোগ করতে পারছেন না। এরপর শুধু অগ্নিনির্বাপণব্যবস্থা না থাকায় ওই গুদামের ব্যবস্থাপককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত ওই রাসায়নিক অপসারণের নির্দেশ দেননি।এ ব্যাপারে জানতে চাইলে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন প্রথম আলোকে বলেন, ‘দমকল অভিযোগ দেয়, সে অনুযায়ী আদালত আইনানুগ ব্যবস্থা নেয়। তারা কেন যে অভিযোগ দিতে পারছে না, এটি দমকলের সঙ্গে যোগাযোগ করলে তারাই ভালো বলতে পারবে।’ভ্রাম্যমাণ আদালতে অংশ নেওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জহুরুল আমিন প্রথম আলোকে এ ব্যাপারে বলেন, ‘যে রাসায়নিকের কারণে নিমতলীতে অগ্নিকাণ্ড ঘটেছে, এমন অনেক দাহ্য রাসায়নিক পুরান ঢাকাসহ নগরের বিভিন্ন এলাকায় রয়েছে। কিন্তু এগুলোর ২০টি অতি দাহ্য রাসায়নিকের তালিকায় নেই। এটি একটি সমস্যা হয়ে দেখা দিয়েছে।’সমন্বিত অভিযান হচ্ছে না: এদিকে গত ৩০ সেপ্টেম্বরের পর আবাসিক এলাকা থেকে দাহ্য রাসায়নিক অপসারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর, দমকল বাহিনী ও জেলা প্রশাসনের সমন্বয়ে একযোগে অভিযান চালানোর কথা থাকলেও এখন পর্যন্ত মাদক ও বিস্ফোরক অধিদপ্তর অভিযানে অংশ নেয়নি। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপসহকারী পরিচালক মুজিবুর রহমান পাটোয়ারী প্রথম আলোকে জানান, তাঁরাও অভিযান পরিচালনা করবেন।রাসায়নিক অপসারণের প্রক্রিয়া নিয়ে পুরান ঢাকার লালবাগের সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। তাই ওই ২০টি দাহ্য রাসায়নিক বা কোনো তালিকা বুঝি না। দাহ্য সব রাসায়নিক অপসারণ করা হবে।’সাংসদ বলেন, সব দপ্তরের সঙ্গে সমন্বয় করেই এ কাজ করতে হবে।এ ব্যাপারে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘টাস্কফোর্স গঠন করা হয়েছে। এটিও কাজ করবে। দাহ্য সব রাসায়নিক যাতে অপসারণ করা হয়, সেটি নিশ্চিত করা হবে।’