নিমতলীর ঘটনায় ছয় লাশ হিমঘরে, পরিচয় মিলছে না
এখনো স্বজন মেলেনি ছয়জনের। মুখ দেখেও চেনা যায় না। চেহারা বিকৃত। পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত পাঁচজনের লাশ মিটফোর্ড এবং আরেকজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পড়ে আছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত ৪৫টি লাশ আসে। পরদিন স্বজনেরা শনাক্ত করে ৩৯টি লাশ নিয়ে গেলেও হতভাগা ছয়জনের লাশ এখনো শনাক্ত হয়নি। কোনো কোনো লাশ কয়লা হয়ে গেছে। এ কারণে চেহারা চেনার উপায় নেই। ৩৯টি লাশ স্বজনদের কাছে হস্তান্তরের পর মর্গে ছয়টি লাশ থাকার কথা। কিন্তু পরে হিসাব কষে দেখা গেছে, সেখানে লাশ রয়েছে পাঁচটি। একটি লাশের অংশবিশেষ ছিল। পাঁচটি লাশের মধ্যে দুটি পুরুষ ও তিনটি নারীর। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে একটি লাশ রয়েছে। এটির চেহারা চেনার উপায় নেই। কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, আগুন লাগার পর তা দ্রুত চারপাশের ভবন ছাড়াও রাস্তায় ছড়িয়ে পড়ে। নিহত ব্যক্তিদের মধ্যে যাঁদের পরিচয় এখনো পাওয়া যায়নি, ধারণা করা হচ্ছে তাঁরা পথচারী। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক তেজেন্দ্র চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে অজ্ঞাতনামা লাশগুলো হিমঘরে রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে পরবর্তী নির্দেশ পাওয়ার পর লাশগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। জানতে চাইলে ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক প্রথম আলোকে বলেন, ছয়জনের লাশের পরিচয় এখনো মেলেনি। তাঁদের স্বজনদের খুঁজে পাওয়া না গেলে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হবে।