বাড়িটি পুরোনো। তবে এখন বোঝার উপায় নেই। দেয়ালে নতুন পলেস্তারা, নতুন বার্নিশ। মধ্যগ্রীষ্মের তীব্র রোদে ঝলমল করছিল নতুন রং। পাঁচতলায় উঠে কলবেল চাপতেই দরজা খুলে দিলেন মাঝবয়সী আলহাজ গুলজার এলাহী। মেঝেতে নতুন টাইলস। আনকোরা আসবাব। বসার ঘরে সোফার সামনে টেবিল। তার ওপর এলসিডি টিভি। সদ্য কেনা। চারপাশে এতসব আয়োজনের মধ্যেও গুলজার এলাহীর মুখে যেন পড়ে আছে বিষাদের গভীর ছায়া। কোনো স্বতঃস্ফূর্ততা নেই। প্রশ্নের জবাব দিচ্ছিলেন মৃদুস্বরে, ভাঙা ভাঙা কথায়।গুলজার এলাহীর সঙ্গে কথা হচ্ছিল বুধবার, পয়লা জুন। একদিন বাদেই এক বছর পূর্ণ হবে দুঃস্বপ্নের চেয়েও ভয়ংকর সেই হূদয়বিদারক দুর্ঘটনার দিনটির। ৩ জুন। নিমতলীর অগ্নিকাণ্ড বলে যা হয়তো মানুষের স্মরণে থাকবে বহুকাল। শিশুসহ মোট ১২৩ জনের মর্মান্তিক মৃত্যু হয় সেই অগ্নিকাণ্ডে।একপর্যায়ে সেন্টার টেবিল থেকে একটি সিডি নিয়ে ডিভিডি প্লেয়ার চালিয়ে দিলেন গুলজার এলাহী। টিভির পর্দায় ভেসে উঠল দুই কিশোরের ছবি। রিমোটে অটো মুড দেওয়ায় কয়েক সেকেন্ড পরপর একের পর এক ছবি ভেসে উঠছিল পর্দায়। কিশোর দুজন যমজ। ইমতিয়াজ গুলজার ও ইশতিয়াক গুলজার। বয়স ১৭। তাদের মা ইয়াসমিন গুলজারের দুই পাশে দাঁড়িয়ে আছে দুই ভাই। এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত মা-বাবার সঙ্গে দুই কৃতী সন্তান। টিভির পর্দায় অনিমেষ তাকিয়ে থাকতে থাকতে গুলজার এলাহী যেন দুঃসহ বর্তমান থেকে ফিরে গেলেন সেই স্নিগ্ধ অতীতে।ছবি শেষ হলে টেবিল থেকে একটি অ্যালবাম টেনে নিলেন। আমাদের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ‘এখান থেকে নতুন কপি করেছি।’সহজ করার জন্য বললাম, ‘বাড়িঘরও তো বদলে ফেলেছেন।’‘সবকিছুই করতে পারছি। কিন্তু মানুষগুলোকে তো আর ফিরে পাচ্ছি না।’ বাষ্পরুদ্ধ হয়ে এল তাঁর কণ্ঠ। চোখের কোণ কি একটু ভিজে উঠেছিল? হয়তো তিনি তা দেখাতে চান না। মুখ ঘুরিয়ে তাকালেন জানালার দিকে। বাইরে রৌদ্রকরোজ্জ্বল দুপুর।সেদিনের স্মৃতি: গুলজার এলাহীর ৪৩/এ নম্বর নিমতলীর নবাবকাটরার বাড়ির নিচের রাসায়নিকের গুদাম থেকেই গত বছরের এই দিন সন্ধ্যায় অগ্নিকাণ্ডের সূত্রপাত। এই বাড়ির তৃতীয় তলার ভাড়াটে কানিজ ফাতেমার মেয়ে উম্মে ফারিহা আক্তার রুনার বিয়ের পান-চিনির অনুষ্ঠান উপলক্ষে নিচে রান্না হচ্ছিল। আগুনের উত্তাপে পাশেই গুদামে রাখা দাহ্য রাসায়নিক কোনোভাবে বিস্ফোরিত হয়। নিমেষে সেই আগুন পুরো পাঁচতলা বাড়িটিসহ আশপাশের প্রায় ১৪টি বাড়ি, পথের দুই পাশের দোকানপাটে ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন, কামানের গোলার মতো আগুনের কুণ্ডলী উড়ে গিয়ে আশপাশের বাড়িতে গিয়ে পড়ছিল। আর সামনের সরু গলিটিতে যেন জ্বলন্ত লাভার মতো বয়ে যাচ্ছিল আগুনের স্রোত। ফলে ঘর ছেড়ে লোকজন যে বের হয়ে আসবে, সে উপায়ও ছিল না। রাত আটটা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত। সরু গলির জন্য দমকল বাহিনীও দ্রুত পৌঁছাতে পারছিল না ঘটনাস্থলে। এতে ক্ষয়ক্ষতি হয় ব্যাপক।অগ্নিকাণ্ডের সূত্রপাত যে বাড়িতে, সেখানে মৃতের সংখ্যাও ছিল সবচেয়ে বেশি। গুলজার এলাহীরা তিন ভাই থাকতেন তিন ফ্ল্যাটে। তাঁদের স্ত্রীরা, প্রত্যেকের দুটি করে ছয়টি সন্তান এবং মা ও চাচি মিলে ১১ জন প্রাণ হারান। রুনা-রত্নার মা ও তাঁদের শ্বশুরবাড়ির আত্মীয়রা মিলে ১৭ জন। পাশের ৫৫ নম্বর হোল্ডিংয়ের একতলা কয়েকটি বাড়িতে ১৮ জন ও ৪৪ নম্বর বাড়িতে ১১ জন প্রাণ হারান। পুড়ে যাওয়া লাশ পড়ে ছিল ঘরে, সামনের মুদি দোকান, ফলের দোকান, সেলুন ও বেকারির ভেতরে। মুষলধারে বৃষ্টি নামে পরদিন সকাল থেকেই। তাতে উদ্ধারকাজ ব্যাহত হয়। কাদা, ছাই কয়লা, দগ্ধ মানুষের রক্ত-মজ্জামাখা কালো পানির স্রোত আর স্বজনহারা মানুষের হাহাকারে এলাকার পরিবেশ ছিল বিভীষিকাময়।এখনকার নিমতলী: গত এক বছরে নিমতলী সামলে নিয়েছে নিজেকে। নবাবকাটরা রোডের এখনকার পরিবেশ থেকে সে ভয়াবহতা হয়তো বোঝা যাবে না। দোকানগুলোতে কেনাবেচার ব্যস্ততা। সেলুনে নতুন চেয়ার, দেয়ালে নতুন আয়না। জানালায় নতুন পর্দা। রেস্তোরাঁর পাশের বাড়ির দরজার সামনে ঝলসে গিয়েছিল যে জামরুলের গাছটি, তার শাখায় সবুজ পাতার উচ্ছ্বাস। পেকে আছে থোকা থোকা জামরুল। আগুনের লেলিহান শিখার তাণ্ডব, মৃত্যুর শীতল স্পর্শ থেকে পৌরাণিক ফিনিক্স পাখির মতোই যেন জেগে উঠেছে নতুন করে জীবনের স্পন্দন।গুলজার এলাহীও বলছিলেন সেই কথা, ‘হিরোশিমা ও নাগাসাকিতেও তো মানুষ বসবাস করছে।’ গত জানুয়ারি থেকে তাঁরা পুড়ে যাওয়া বাড়িটির সংস্কার শুরু করেন। মাস দুয়েক হলো ছোট দুই ভাই দিদার ও ফারুককে নিয়ে এখানে বসবাস শুরু করেছেন। নতুন ভাড়াটে এসেছে। আবার নতুন করে জীবনযাত্রা শুরু হয়েছে। নেই শুধু সুখটা। আছে কেবল দগ্ধ স্মৃতি।মরা কাঠ: ‘মরা কাঠের মতো দিন কাটাইতাছি’, বলছিলেন বৃদ্ধ মোহাম্মদ সাদেক। তাঁর বাড়িটি ৪৪/১। জোয়ান ছেলে তাজ ও মেয়ে মাহমুদা পারভীন মারা গেছেন অগ্নিকাণ্ডে। তাজের চার বছরের ছেলে, পুত্রবধূ, মেয়ের ঘরের এক নাতনি—সব দায়িত্ব এখন তাঁর। তাজ বাড়ির নিচে ডেকোরেটরের দোকান করে সংসার চালাচ্ছিলেন। সাদেক বললেন, ‘বয়স হইছে। পোলায় আমারে ব্যবসা থেইক্যা অবছর দিয়া কইছিল আল্লাবিল্লা করতে। অহন আবার সেই ছংছারের ভার কান্দে পড়ল। এই বয়ছে কী দিয়া কী করুম। মইদ্যে মইদ্যে দিছাহারা হইয়া পড়ি।’পাশের বাড়ির ভাড়াটে মুসলিম খান হারিয়েছেন তাঁর স্ত্রী ও নাতনিকে। মেয়ে আসমার বিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তাঁর নিজের কোনো সংসার নেই। নিজেও দগ্ধ হয়েছেন গুরুতরভাবে। ক্ষত শুকিয়েছে বটে, তবে চামড়া কুঁচকে গেছে। ৩০ বছরের সংসার ভেঙে গেছে। ম্লান হেসে প্রৌঢ় মুসলিম বললেন, ‘এই বয়সে কি আর নতুন সংসার জোড়া লাগে।’ প্রধানমন্ত্রীর উদ্যোগে মেয়েটার বিয়ে হয়েছে, এটাই তাঁর বড় সান্ত্বনা।৫৫ নম্বর বাড়ি: সোহাগের আর আপন কেউ নেই। বাবা আগেই চলে গেছেন। অগ্নিকাণ্ডে মা, ভাই, দুই বোন ও ভাগনেসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন তাঁদের ৫৫ নম্বর বাড়িতে। শুধু এই বাড়িটির আগুনে পোড়া দেয়ালগুলো সেদিনের সেই দুর্বিষহ স্মৃতি বহন করছে। কিশোর সোহাগ কায়েতটুলিতে এক বন্ধুর বাড়িতে থাকে। বাড়িঘর মেরামত করার কোনো তাগাদা ভেতর থেকে পায় না।অগ্নিকাণ্ডের পর সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চার ধরনের আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রাথমিকভাবে প্রতিটি লাশ দাফনের জন্য ২০ হাজার, ক্ষতিগ্রস্ত বাড়ি বা দোকানের জন্য ২০ হাজার, চিকিৎসার জন্য জনপ্রতি ১০ হাজার ও প্রত্যেক মৃত ব্যক্তির জন্য এক লাখ করে টাকা দেওয়া হয়।ঋণের চক্র: ক্ষতিপূরণের ২০ হাজার টাকায় মেরামতির কাজ পুরো শেষ হয়নি। অনেকেই ধারকর্জ করেছেন। বিশেষত, ভাড়াটে দোকানদারেরা তাঁদের মালামালের কোনো ক্ষতিপূরণ পাননি। ওই টাকা পেয়েছেন দোকানের বাড়িওয়ালা। পুরোনো কাগজের ব্যবসায়ী আবদুল মতিন জানালেন, তাঁর দোকানে ওই দিন প্রায় পাঁচ টন কাগজ মজুদ ছিল। সব পুড়ে গেছে। তিনি কোনো ক্ষতিপূরণ পাননি। সোয়ারীঘাটের এক সমিতি থেকে ঋণ নিয়ে নতুন করে ব্যবসা শুরু করেছেন। ৫০ হাজার টাকা ঋণের কিস্তির প্রতিদিন দিতে হচ্ছে ৫০০ টাকা। ১০৮ দিনে শোধ। তাই এর-ওর কাছে প্রায়ই হাত পাততে হয়। নিজের পুঁজি ছিল দুই লাখ টাকা। ধার-কর্জ ছাড়াই স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতেন। আগুন তাঁর সামর্থ্য পুড়িয়ে দিয়েছে। ১০৮ দিনের কিস্তির এক চক্র শেষ হলে আবার নতুন করে ঋণ নিয়ে নতুন কিস্তির চক্র শুরু হয়। এখন চলছে তৃতীয় চক্র। এই ঋণের জাল থেকে আর বেরিয়ে আসতে পারছেন না।খুব অসুবিধায় আছেন কোহিনূর বেগম। স্বামী নেই। ছোট এক ছেলেকে নিয়ে থাকতেন ৪৪ নম্বর বাড়িতে। পেশায় গৃহপরিচারিকা। দুই পা এমন করে পুড়েছে যে ক্ষত শুকালেও এখন পায়ের পাতা স্বাভাবিকভাবে ফেলতে পারেন না। ডান হাতও পুড়েছে কনুই পর্যন্ত। পানি লাগলে কুটকুট করে। তাই আগের মতো কাজকর্মের সামর্থ্য নেই। চিকিৎসার জন্য ১০ হাজার টাকা পেয়েছিলেন, তা বহু আগেই শেষ। মোড়ের পঞ্চায়েত কমিটি কার্যালয়ের সামনে তাঁর সঙ্গে দেখা। এখানেই আশপাশে সারা দিন পড়ে থাকেন। চেয়ে-চিন্তে যা পান, তা দিয়ে মায়েপোয়ের আহার জোটে। দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘হায় রে আগুন! আমারে অকখন রাস্তায় বয়াই দিছে।’স্মৃতিসৌধ: বুধবার দুপুরে নবাবকাটরার গলি দিয়ে ভেতরে ঢুকতেই পঞ্চায়েত কমিটির মোড়ে চোখে পড়ল চেয়ার পেতে বসে আছেন কয়েকজন তরুণ। রাস্তার পূর্ব পাশে ট্রান্সমিটারের থাম ঘেঁষে তৈরি করা হয়েছে স্মৃতিস্তম্ভ। তাঁরা তদারক করছেন। নির্মাণকাজ প্রায় শেষ।‘খোলা বই’-এর মতো দুটি আড়াআড়ি দেয়াল। তাতে আগুনের শিখার মতো নকশা কংক্রিটের রিলিফ করে ফুটিয়ে তোলা। মাঝখানে একটি বড় আকারের কংক্রিটের পিণ্ড। সেখান থেকে বিচ্ছুরিত হয়ে আছে কয়েকটি ধাতব নল। এই স্থাপনাটি করা হচ্ছে অগ্নিকাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষে। নাম ‘নিমতলী স্মৃতি ট্র্যাজেডি’। নবাবকাটরা নিমতলী যুব সংগঠনের উদ্যোগে নির্মিত হচ্ছে।তরুণ মোহাম্মদ আরমান জানালেন, তাঁদের এই যুব সংগঠনের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। কোনো নেতাও নেই। সবাই চাঁদা দিয়ে এটি তৈরি করছেন, আবাসিক এলাকায় যেন আর রাসায়নিকের গুদাম বা কারখানা করতে না দেওয়া হয়, সে ব্যাপারে লোকজনকে সচেতন করতে। আজ শুক্রবার সকালে স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন এই স্থাপনার উদ্বোধন করবেন। বিকেলে হবে নিহত ব্যক্তিদের স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া খায়ের।