রাজধানীর নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজন গতকাল সোমবার মারা গেছেন। তাঁর নাম সখিনা খাতুন (৫০)। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১১৯ জনে। এদিকে গতকাল নিমতলী নবাব কাটরায় গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্তদের তালিকায় নাম ওঠানোর জন্য স্থানীয় লোকজন গলির মোড়ে ভিড় করেছেন। গলির বাইরের দোকানগুলো খুলতে শুরু করেছে। গতকাল মারা যাওয়া সখিনা খাতুনের বাসা ৪২ নবাব কাটরা। ওই বাসায় তিনি, তাঁর স্বামী আবুল কাশেম, ছেলে সোহেলসহ আরও কয়েকজন দগ্ধ হন। সোহেল সিএমএইচে ও কাশেম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন প্রথম আলোকে জানান, বেলা ১১টার দিকে সখিনা খাতুনের মৃত্যু হয়। তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।৩ জুনের ওই অগ্নিকাণ্ডে দগ্ধ লোকজনের মধ্যে ২৫ জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এবং ১২ জন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। বার্ন ইউনিটে চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে সাতজন এবং সিএমএইচে চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।এদিকে বার্ন ইউনিটে বহিরাগত ও অতিরিক্ত মানুষ না যাওয়ার অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে বার্ন ইউনিটের রেজিস্ট্রার মো. আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘দগ্ধ রোগীদের আশপাশে থাকলে রোগজীবাণুর সংক্রমণের ভয় থাকে। এতে ওই সব রোগীই ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। এ ব্যাপারে সবাইকে অবগত থাকা প্রয়োজন।’ গতকাল হাসপাতালের বিভিন্ন প্রবেশদ্বারে বাংলাদেশ স্কাউটসের সদস্যদের কাজ করতে দেখা যায়।বার্ন ইউনিটে দোতলায় চিকিৎসা নিচ্ছেন দগ্ধ ১৭ জন। বিভিন্ন বয়সী এই পুরুষ রোগীদের বেশির ভাগই পরিবারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি। তাঁদের মধ্যে এক রকম হতাশা। তাঁদের একজন সফিক (২১)। তিনি পুরোনো জিনিস ও কাগজের দোকানে কাজ করতেন। তাঁর দুই হাত পুড়ে গেছে। দুই হাতেই ব্যান্ডেজ। তিনি বলেন, ‘দোকানে কাজ কইরা আয়-ইনকাম হইত। এহন সামনে কী অইব, জানি না।’ আবদুল কুদ্দুস (৪০) জানান, তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। অগ্নিকাণ্ডের সময় তিনি নিমতলীতে ছিলেন। তাঁর পেছনের অংশ পুড়ে গেছে। তিনি বলেন, ‘সুস্থ কবে হমু জানি না। হইলে ঠিকমতো কাজ করতে পারমু কি না, তাও বলতে পারতাছি না।’ এ ব্যাপারে অধ্যাপক শহীদুল বারী প্রথম আলোকে বলেন, এসব ব্যক্তির সুস্থ হতে সময় লাগবে। এখনো কিছু বলা যাচ্ছে না।কালো বাড়ি, কালো দেয়াল: গতকাল নিমতলী নবাব কাটরায় গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া বাড়িগুলোর মতো দেয়ালও কালো হয়ে গেছে। পলেস্তারা খসে পড়ছে কতগুলোর, স্যাঁতসেঁতে কালো মেঝে আর সিঁড়িগুলো। পোড়া গন্ধ ছাপিয়ে চারদিক থেকে আসছিল সদ্য ছিটানো ব্লিচিং পাউডারের গন্ধ। গলির মোড়ে দেখা গেল, ক্ষতিপূরণের তালিকায় নাম ওঠানোর ও খাবারের জন্য বাসিন্দাদের ভিড়।অনেককে নিজেদের ব্যবহারের উপযোগী আসবাব ও তৈজসপত্র সরিয়ে নিতে দেখা যায়। তবে পুড়ে যাওয়া বাড়িগুলোর অধিকাংশ জিনিসই আর ব্যবহার করার মতো নয়। অনেক ব্যবসায়ীকে দোকানের ক্ষতির হিসাব করতে দেখা যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর একটি জিনিসও ব্যবহারের উপযোগী নেই। রাস্তার পাশের সুলতান মিয়ার ঘরে আগুন না লাগলেও প্রচণ্ড তাপে ঘরের ফ্রিজ গলে গেছে, টেলিভিশন-ফ্যান গলে দুমড়েমুচড়ে গেছে। চালের টিনও গলে গেছে। ৪৪ নবাব কাটরার বাচ্চু মহাজন ও তারা মিয়ার দোতলা বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল ১২টি লাশ। প্রচণ্ড তাপে বাড়িটির লোহার প্রধান ফটক মরচে পড়ে ফুটো ফুটো হয়ে গেছে। ভেতরের কাঠের দরজাগুলো পুড়ে কয়লা হয়ে গেছে। কালো আস্তর পড়েছে দেয়াল, ছাদ, মেঝেতে। ভেতরের ঘরগুলোতে আগুন না লাগলেও প্রচণ্ড তাপে জিনিসপত্র গলে গেছে। ধোঁয়া আর তাপেই প্রাণ হারিয়েছেন বাচ্চু, তারা মিয়া, তাঁদের ভাড়াটেসহ ১২ জন।তারা মিয়ার মেয়ে রোজিনা জানান, অগ্নিকাণ্ডের সময় বাড়িতে যাঁরা ছিলেন তাঁদের সবাই মারা গেছেন। প্রচণ্ড তাপে পুরো বাড়ি ফেটে গেছে। ছাদ থেকে কংক্রিটের চাঁই খসে পড়ছে। বাচ্চু মহাজনের ছেলে জুয়েল বারান্দার রেলিংয়ে বসেছিলেন। লাইনে দাঁড়িয়ে খাবার নিতে তাঁর সংকোচ। তাই দুপুরে খাওয়াও হয়নি তাঁর। খাবারের জন্য লাইনে দাঁড়াতে ওই এলাকার অনেকেরই সংকোচ রয়েছে। এ কারণে অনেকে বাসার ছোটদের পাঠাচ্ছেন খাবার সংগ্রহের জন্য।গলির মোড়ে পুড়ে যাওয়া ফলের দোকানে টাঙানো হয়েছে ৬৯ জন ক্ষতিগ্রস্তের তালিকা। ক্ষতি হয়েছে ২৩টি বসতবাড়ি, কারখানা ও দোকানের। ভিড় করে লোকজন তালিকা দেখছিল। পাশেই নিমতলী প্রাথমিক বিদ্যালয়ে তালিকা করে খাবার দেওয়া হচ্ছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ চালু হয়েছে। কেউ কেউ বাড়িতে রান্না শুরু করেছেন। গলির বাইরের দোকানগুলো খুলতে শুরু করেছে। ক্ষয়ক্ষতির হিসাব করছেন ব্যবসায়ীরা। এদিকে পুড়ে যাওয়া বাড়িঘর দেখতে বিভিন্ন এলাকা থেকে অনেক লোকজন আসছে। গলির দুই মুখেই সেনা সদস্য ও পুলিশ থাকলেও উৎসুক মানুষ ঢুকে পড়ছে বাড়িগুলোতে। ঘুরে ঘুরে দেখছে তারা। রোজিনার নিষেধ সত্ত্বেও ৪৪ নবাব কাটরায় ঢুকে পড়ে একদল মানুষ। রোজিনা জানান, বাড়িটা এমনিতেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তার পরও দলে দলে লোক আসছে শুধু দেখতে।স্থানীয় ৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মোহন জানান, ৪৪ নম্বর বাড়িটির একটি অংশ আজকালের মধ্যেই ভেঙে ফেলা হবে।