নিম্ন আদালতে দণ্ডপ্রাপ্ত ১৬ জনের মধ্যে ছয়জন হাইকোর্টে খালাস
ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান নিউটন হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ১০ আসামির মধ্যে তিনজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পলাতক শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরসহ বাকি সাত আসামির দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।এ ছাড়া নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত ছয় আসামির মধ্যে তিনজনের দণ্ড বহাল রেখে অপর তিনজনকে খালাস দেওয়া হয়েছে।বিচারিক আদালত রায়ে ১০ জনের মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে আসামিদের করা নয়টি আপিল এবং মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের (ডেথ রেফারেন্স) ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. ফজলুর রহমান ও বিচারপতি ভবানী প্রসাদ সিংহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত যে তিনজনকে হাইকোর্ট খালাস দিয়েছেন, তাঁরা হলেন কিলার আব্বাস, জাকির হোসেন ও ইব্রাহীম খলিল। বিচারিক আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত শওকত হোসেন, কামাল হোসেন ও নাজমুল হাসান ওরফে ব্যাঙ্গা বাবুও হাইকোর্টে খালাস পেয়েছেন।ওই বেঞ্চে রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী পরে প্রথম আলোকে বলেন, উত্থাপিত অভিযোগ সাক্ষীর মাধ্যমে সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত ছয় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। ওই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া তিন আসামিকে নিম্ন আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। এই বিবেচনায় হাইকোর্ট মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অপর সাতজনের দণ্ড পরিবর্তন করে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।২০০২ সালের ১০ মে ঢাকার ৮ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর নিউটনকে ধানমন্ডির অর্কিড প্লাজার সামনে গুলি করে হত্যা করা হয়। এ ব্যাপারে ওই দিনই নিউটনের মা রাবেয়া বেগম ধানমন্ডি থানায় মামলা করেন। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে ২০০৬ সালের ২৪ মে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। দুই আসামিকে খালাস দেওয়া হয়।ওই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। পাশাপাশি মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের বিষয়টি শুনানির জন্য হাইকোর্টে আসে। শুনানি শেষে গতকাল রায় দেন আদালত। আদালতে আসামিপক্ষে আইনজীবী এস এম শাহজাহান, মুনসুরুল হক চৌধুরী, মোতালেব ভূঁইয়া প্রমুখ মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী ও সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক।নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ১০ আসামি হলেন মো. খোরশেদ (পলাতক), শাহাদত হোসেন (পলাতক), মুনির হোসেন (পলাতক), আব্বাস ওরফে কিলার আব্বাস, কালা জাহাঙ্গীর (পলাতক), ইব্রাহীম খলিল, কাজী মো. ইসমাইল (পলাতক), কাজী তৌফিক আলম পিয়াল (পলাতক), সাদেকুল ইসলাম চৌধুরী ওরফে সাগর (পলাতক) ও জাকির হোসেন।বিচারিক আদালত যে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন, তাঁরা হলেন মো. আইয়ুব, রাসেল ওরফে বল্টু রাসেল, মো. রুবেল হোসেন, শওকত হোসেন, নাজমুল হাসান ওরফে ব্যাঙ্গা বাবু ও কামাল হোসেন।