নিম্ন আদালতে শিগগিরই ১০০ বিচারক নিয়োগ দেওয়া হবে
নিম্ন আদালতে শিগগিরই ১০০ জন বিচারক নিয়োগ দেবে সরকার। বিচারক-স্বল্পতা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।আজ শনিবার বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন। নতুন নিয়োগ পাওয়া সহকারী জজ ও বিচারিক হাকিম এ প্রশিক্ষণে অংশ নেন।অনুষ্ঠানে মামলার শুনানি মুলতবি বিষয়ে আইনমন্ত্রী বলেন, শুনানি মুলতবি হওয়ায় ফলে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা হয়, বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। কোনো কারণ ছাড়া মামলার শুনানি যাতে মুলতবি না হয় এবং মুলতবির কারণে যারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বিদ্যমান আইনে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।আইনমন্ত্রী বলেন, মামলা দ্রুত নিষ্পতির ক্ষেত্রে বিকল্প বিরোধ-নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি অত্যন্ত কার্যকর। বিভিন্ন দেশে ৯৫ শতাংশ দেওয়ানি মামলা এ পদ্ধতিতে নিষ্পত্তি হয়। আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তি হলে আদালতের মামলাজটের দুর্যোগ থেকে বিচারপ্রার্থী জনগণ অনেকটাই রেহাই পাবে। মন্ত্রী জানান, দেওয়ানি ও ছোটখাটো ফৌজদারি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে এডিআর বাধ্যতামূলকভাবে চালু করতে এরই মধ্যে বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধনের জন্য আইন কমিশনকে বলা হয়েছে।শফিক আহমেদ বলেন, নিরপেক্ষভাবে বিচারকাজ পরিচালনার ওপর গণতন্ত্র নির্ভর করে। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। আইন ও সংবিধান অনুযায়ী বিচারকদের বিচারকাজ পরিচালনা করতে হবে। অসাংবিধানিক কাজ করলে তা দেখার দায়িত্ব বিচার বিভাগের। সংবিধান সমুন্নত রাখতে বিচারক ও সব নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট কার্যালয়ে শুরু হওয়া ২৭ দিনব্যপী এ প্রশিক্ষণ কোর্সে ৪৬ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।