নিম্ন আদালতের ওপর সরকারি কর্তৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহাত্তরের মূল সংবিধান ফিরিয়ে আনার লক্ষ্যে পঞ্চদশ সংশোধনী করলেও সরকার বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত দুটি অনুচ্ছেদ ফিরিয়ে আনেনি। এর ফলে নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, বদলি ও পদোন্নতিসংক্রান্ত সাংবিধানিক কর্তৃত্ব সরকারের কাছে রয়ে গেছে।২০১০ সালের ২ ফেব্রুয়ারি দেওয়া সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলসংক্রান্ত মামলার ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট ওই দায়িত্বটি মূল সংবিধানের আলোকে তাঁদের কাছে ন্যস্ত করার জন্য সংসদের কাছে অনুরোধ করেছিলেন। কিন্তু সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটি বিষয়টি প্রাথমিকভাবে আমলে নিলেও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের অনুরোধটি রক্ষা করেনি।সুপ্রিম কোর্ট পঞ্চম সংশোধনী বাতিল মামলার রায়ে বলেছিলেন, নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, বদলি ও পদোন্নতিসংক্রান্ত সংবিধানের ১১৫ ও ১১৬ অনুচ্ছেদকে আগের অবস্থানে না নিয়ে গেলে বিচার বিভাগ প্রকৃত অর্থে স্বাধীন হবে না। এ জন্য আদালত ‘যত দ্রুত সম্ভব’ ওই অনুচ্ছেদ দুটিকে ১৯৭২ সালের সংবিধানের আদলে ফিরিয়ে নেওয়ার জন্য সংসদের কাছে অনুরোধ করেন।সুপ্রিম কোর্টের অনুরোধ রক্ষা করতে না পারায় সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটির সদস্যদের কেউ কেউ এখন বিব্রত।বিশেষজ্ঞদের মতে, নিম্ন আদালতের ওপর নির্বাহী বিভাগের কর্তৃত্ব বহাল থাকার বিষয়টি বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী। বিশিষ্ট আইনজ্ঞ শাহ্দীন মালিক প্রথম আলোকে বলেন, ‘পঞ্চম সংশোধনী বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে আমরা যেটুকু এগিয়েছি, সর্বশেষ সংবিধান সংশোধন তার চেয়ে অনেক বেশি পিছিয়ে নিয়ে গেছে। বিদ্যমান ১১৫ ও ১১৬ অনুচ্ছেদ সম্পূর্ণভাবে বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্যহীন। বিষয়টি বিচার বিভাগের স্বাধীনতাসংক্রান্ত মাজদার হোসেন মামলার রায়ের মূল চেতনার পরিপন্থী।’প্রসঙ্গত, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ বাতিল হওয়া ১০ অতিরিক্ত বিচারকের মামলার রায় হয় ২০০৯ সালে। সেই রায়ে বিচারপতি আবদুল মতিন ১১৫ ও ১১৬ অনুচ্ছেদ সম্পর্কে বলেছিলেন, ‘এ দুটি অনুচ্ছেদকে ১৯৭২ সালের আদলে ফিরিয়ে না নিলে বিচার বিভাগের স্বাধীনতা দূরবর্তী ঢোলের শব্দের মতো হয়ে থাকবে।’সুপ্রিম কোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলসংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রেখে যে রায় দেন, তাতে সংশ্লিষ্ট অনুচ্ছেদ দুটিকে বাহাত্তরের আদলে ফিরিয়ে নিয়ে নিম্ন আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করা এবং বিচারকদের বদলি ও পদোন্নতির বিষয়টি সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করার পথ প্রশস্ত করতে বলা হয়।১৯৭২ সালের সংবিধানের ১১৫ অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সুপারিশ অনুসারে জেলা বিচারক এবং অন্যান্য পদে সুপ্রিম কোর্ট ও সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ করে নিয়োগ দেবেন। স্বাধীনতা লাভের পর প্রথম আওয়ামী লীগ সরকারের শেষ দিকে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্ট ও সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শের বিধান বাদ দিয়ে রাষ্ট্রপতির একক ক্ষমতায় নিয়োগের বিধান করা হয়। এত দিন পর মূল সংবিধান ফিরিয়ে আনতে সংবিধান সংশোধন হলেও এই অনুচ্ছেদটি বহাল রাখা হয়েছে। এ ছাড়া মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছে, বিচার বিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, পদায়ন, বদলি, পদোন্নতি, ছুটি মঞ্জুরি ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকবে। চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতা বিচার বিভাগ থেকে নিয়ে এককভাবে রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করা হয়। তবে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই অনুচ্ছেদে কিছুটা ভারসাম্য আনা হয়। এতে বলা হয়, বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলার দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকবে। তবে তিনি এ কাজে সুপ্রিম কোর্টের পরামর্শ নেবেন।কিন্তু পঞ্চম সংশোধনী মামলার রায়ের পর সরকার গত ১০ ফেব্রুয়ারি যে সংবিধান পুনর্মুদ্রণ করে, তাতে ১১৬ অনুচ্ছেদ থেকে পঞ্চম সংশোধনীর অংশটুকু বাদ দেওয়া হয়। এতে চতুর্থ সংশোধনী পুনরুজ্জীবিত হয়ে ওঠে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আবার রাষ্ট্রপতির একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।এ ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু দিন নিম্ন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতি বন্ধ ছিল। কারণ, সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার বিধান না থাকা সত্ত্বেও আইন মন্ত্রণালয় এ বিষয়ে তাদের মতামত চেয়ে পাঠায়। কিন্তু সুপ্রিম কোর্ট এ বিষয়ে মত দেওয়া থেকে বিরত থাকেন।সূত্র জানায়, এই প্রেক্ষাপটে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি ১১৫ ও ১১৬ অনুচ্ছেদকে ১৯৭২-এর আদলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তও একাধিকবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন। কিন্তু গত ৩০ জুন সংবিধান বিল পাস হওয়ার পর দেখা যায়, অনুচ্ছেদ দুটি ১৯৭২ সালের আদলে ফিরে যায়নি। বরং ১১৫-এর ক্ষেত্রে চতুর্থ সংশোধনী এবং ১১৬-এর ক্ষেত্রে পঞ্চম সংশোধনী বহাল রয়েছে।এ বিষয়ে সুরঞ্জিত সেনগুপ্তের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। বিদ্যমান ১১৫ ও ১১৬ অনুচ্ছেদ বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী কি না জানতে চাইলে বিশেষ কমিটির সদস্য আবদুল মতিন খসরুও মন্তব্য করতে রাজি হননি।আইনমন্ত্রী শফিক আহমেদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘বিশেষ কমিটি যে সুপারিশ করেছে মন্ত্রণালয় সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। এ বিষয়ে এককভাবে মন্ত্রণালয়ের কোনো কিছু করার নেই।’