পুনর্মুদ্রিত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ থেকে একটি অংশ বাদ পড়ায় নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতি ও বদলি বন্ধ রয়েছে। ওই অনুচ্ছেদ থেকে এ বিষয়ে ‘সুপ্রিম কোর্টের পরামর্শ সাপেক্ষে’ কথাগুলো বাদ পড়ায় আইন মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত নথিতে সুপ্রিম কোর্ট মতামত দিচ্ছেন না। তাই মন্ত্রণালয়ও এ ব্যাপারে পদক্ষেপ নিতে পারছে না।আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মন্ত্রণালয় এ-সংক্রান্ত একাধিক নথি সুপ্রিম কোর্টের মতামতের জন্য পাঠিয়েছে। ১০ ফেব্রুয়ারি প্রকাশিত পুনর্মুদ্রিত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ থেকে এ বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার বিধান বাদ পড়ায় আদালত নথিগুলোতে মতামত দিচ্ছেন না। তাই মন্ত্রণালয়ও কার্যকর পদক্ষেপ নেওয়া থেকে বিরত রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, নিম্ন আদালতের ৮১ জন বিচারকের পদোন্নতি, বদলি ও শৃঙ্খলা বিধানসংক্রান্ত একাধিক নথি মতামতের জন্য সুপ্রিম কোর্টে রয়েছে। এর মধ্যে রয়েছে যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি ও পদায়ন; অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ ও জেলা জজ হিসেবে যাঁদের তিন বছর পূর্ণ হয়েছে, তাঁদের নতুন করে পদায়ন এবং সহকারী জজ ও বিচারিক হাকিমদের পদায়নসংক্রান্ত নথি। এ ছাড়া বিচারকদের বিরুদ্ধে আনীত অভিযোগসংক্রান্ত শৃঙ্খলা বিধানের কয়েকটি নথিও মতামতের জন্য পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি এসব নথিতে অনুমোদন দিয়েছেন। যুগ্ম জেলা জজদের পদোন্নতির নথিটি সংবিধান পুনর্মুদ্রণের আগেই পাঠানো হয়। বাকিগুলো পাঠানো হয় সংবিধান পুনর্মুদ্রণের পর।সংবিধান পর্যালোচনায় দেখা যায়, ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি দান ও ছুটি মঞ্জুরি) ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত ছিল। সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতা রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করা হয়। পঞ্চম সংশোধনীর (আদালতের রায়ে অবৈধ ঘোষিত) মাধ্যমে এসব বিষয় সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ সাপেক্ষে রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করা হয়। কিন্তু পুনর্মুদ্রিত সংবিধানে ১১৬ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করা-সংক্রান্ত পঞ্চম সংশোধনীর অংশটুকু নেই। এ কারণে চতুর্থ সংশোধনী ফিরে এসেছে, যে সংশোধনীর মাধ্যমে নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলির ক্ষমতা রাষ্ট্রপতির ওপর ন্যস্ত করা হয়েছিল।সূত্র জানায়, আদালতের ওই রায়ে এই অনুচ্ছেদ থেকে পঞ্চম সংশোধনীর অংশটুকু বাদ দেওয়ার কথা বলা হয়নি। বরং আদালত অনুচ্ছেদটিকে ১৯৭২-এর আদলে ফিরিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে দায়িত্বটি সংসদের ওপর ছেড়ে দেন।জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি ও শৃঙ্খলা বিধান বিষয়ে সুপ্রিম কোর্ট মতামত দিতে পারবেন না, এমন কথা সংবিধানের ১১৬ অনুচ্ছেদে নেই। রেওয়াজ অনুযায়ী মন্ত্রণালয় এ বিষয়ে তাঁদের কাছে মতামত চেয়েছে। তাঁরাও রেওয়াজ অনুযায়ী মতামত দিতে পারেন। তিনি বলেন, ‘সংবিধানের ৯৫ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে রাষ্ট্রপতির একক কর্তৃত্ব রয়েছে। এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার বিধান নেই। এর পরও রেওয়াজ অনুযায়ী এসব নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া হয়। সেই হিসেবে নিম্ন আদালতের বিচারক নিয়োগেও তাঁদের মতামত দেওয়ার ক্ষেত্রে কোনো সাংবিধানিক বাধা নেই। আশা করি, দু-এক দিনের মধ্যেই তাঁদের মতামত পাওয়া যাবে।’সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি দেখছি।’