নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে বসুন্ধরা চেয়ারম্যানের আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম নিম্ন আদালতে তাঁকে দেওয়া সাজার রায়ের বিরুদ্ধে আজ সোমবার হাইকোর্টে আপিল করেছেন। আপিলে জামিনের আরজি জানানো হয়েছে। বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে কাল মঙ্গলবার এই আপিলের শুনানি হতে পারে।এ ব্যাপারে আহমেদ আকবর সোবহান শাহ আলমের আইনজীবী আহসানুল করিম বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মামলায় তাঁর সাত বছরের সাজা হয়েছিল। ওই সাজার বিরুদ্ধে আপিল করা হয়েছে। এতে জামিনের আবেদন জানানো হয়েছে।গতকাল রোববার বিকেলে কারাগারে পাঠানোর ঘণ্টাখানেকের মধ্যেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। আয়কর ফাঁকি ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ গতকাল প্রথমে আয়কর ফাঁকির মামলায়, পরে তিনটি দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শাহ আলম। বিশেষ জজ আদালত-৩-এর ভারপ্রাপ্ত বিচারক কাদের নেওয়াজ আয়কর ফাঁকির মামলায় তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে সাজা কার্যকর করতে ‘সাজা পরোয়ানা’ জারি করা হয়। ফলে গতকাল থেকেই শাহ আলমের সাজা কার্যকর হলো।