নিম্নচাপ, তিন নম্বর সতর্কসংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি বাংলাদেশের উপকূল থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করলেও এর প্রভাবে উপকূলের ১৫টি জেলায় জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে সাত ফুট বেশি হচ্ছে।নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় মাছ ধরার নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও বাতাসের গতি বাড়ছিল। খুলনা ও সাতক্ষীরার বেশ কয়েকটি এলাকায় বেড়িবাঁধ টপকে পানি বসতি এলাকায় প্রবেশ করে। এতে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। রাজধানী ঢাকায়ও দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। নিম্নচাপের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে একই পরিস্থিতি হয়েছে।আবহাওয়াবিদেরা বলেছেন, মৌসুমি বায়ুর বিদায় নেওয়ার পালা চলছে। মৌসুমি বায়ু আসা ও যাওয়ার সময় বৃষ্টিপাত ও নিম্নচাপ বেড়ে যায়। আগামী দু-তিন দিন বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া অব্যাহত থাকবে। দেশের বেশ কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার সঙ্গে অমাবস্যার প্রভাব যুক্ত হওয়ায় উপকূলে জোয়ারের উচ্চতা বাড়তে পারে।আবহাওয়া অধিদপ্তরের মাসিক আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসের প্রথমার্ধের মধ্যে মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেবে। আবহাওয়াবিদেরা জানান, বিদায় নেওয়ার সময় মৌসুমি বায়ুর চালিকাশক্তি পুবালি বায়ু ধীরে ধীরে বঙ্গোপসাগর থেকে সরে যেতে থাকে। এ সময় পশ্চিমা লঘুচাপ শক্তিশালী হয়ে বঙ্গোপসাগর এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে। এই দুই বায়ুর ক্রিয়া-প্রতিক্রিয়ায় বায়ুমণ্ডলে বাতাসের তারতম্য সৃষ্টি হয়।এদিকে অমাবস্যার শেষ সময় হওয়ায় সমুদ্রের পানি এমনিতেই কিছুটা স্ফীত অবস্থায় রয়েছে। নিম্নচাপের কারণে বায়ুতাড়িত জোয়ারের গতি ও উচ্চতা বেড়েছে। আবহাওয়াবিদেরা এই পরিস্থিতিতে উপকূলবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, নিম্নচাপটি দুর্বল হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি শক্তিশালী হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে এলে বৃষ্টিপাত ও জোয়ারের বেগ বাড়বে।সার্ক আবহাওয়া কেন্দ্রের বিজ্ঞানী সুজিৎ কুমার দেবশর্মা এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় পশ্চিমা ও পুবালি লঘুচাপের ক্রিয়া-প্রতিক্রিয়ায় নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়ে থাকে। অক্টোবর-নভেম্বরে সিডরের মতো ঘূর্ণিঝড় সৃষ্টির উদাহরণ টেনে তিনি বলেন, স্বাভাবিক নিয়মে এই সময়ে আবহাওয়া অস্থির থাকে। তাই উপকূলবাসীকে এই সময়ে সতর্ক থাকতে হবে।আবহাওয়া অধিদপ্তর থেকে গতকাল জারি করা বিশেষ বুলেটিনে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় কয়েক দিন ধরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি গতকাল বেলা তিনটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৫৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৯১৫ কিলোমিটার এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল (১৭.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ, ৮৫.০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ)। এটি আরও জোরদার হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।বিশেষ বুলেটিনে আরও বলা হয়, নিম্নচাপকেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর প্রভাবে সাগর মাঝারি ধরনের উত্তাল থাকবে।নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় ১৫টি জেলা: কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে সাত ফুট বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।