নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড় ‘গিরি’, চট্টগ্রাম ও কক্সবাজারে ৪ নম্বর সতর্কসংকেত
পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তদসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ বৃহস্পতিবার দুপুরে সামান্য উত্তর দিকে সরে গিয়ে আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘গিরিতে’ পরিণত হয়েছে। চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলীয় এলাকাকে চার নম্বর এবং মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বরগুনা জেলা ঘূর্ণিঝড় প্রস্ততিকেন্দ্রের কর্মকর্তারা এ খবর জানান।জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালক হাফিজ উদ্দীন আহাম্মদ প্রথম আলোকে জানান, ঘূর্ণিঝড়টি বিকেল তিনটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫০৫ কিলোমিটার ও কক্সবাজার উপকূল থেকে ৪১৫ কিলোমিটার দক্ষিণে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে ৬২ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে যা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সাগর উত্তাল রয়েছে।