নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘জল’-এ পরিণত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ‘জল’ নামের ওই ঘূর্ণিঝড়টি এখনো মারাত্মক আকার ধারণ না করলেও এটি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর কিছুটা উত্তাল থাকায় উপকূলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।সতর্কতা হিসেবে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে আজ রাত সাড়ে সাতটা পর্যন্ত একই এলাকায় অবস্থান করছিল। নিম্নচাপটি দুপুর ১২টা নাগাদ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘জল’-এ পরিণত হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কামরুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘ঘূর্ণিঝড়টি কালকের মধ্যে আরও শক্তি সঞ্চয় করতে পারে। তবে এটি কোন দিকে কত শক্তি নিয়ে অগ্রসর হবে, তা এখনো স্পষ্ট নয়। এর গতিবিধি পর্যবেক্ষণ করে পরবর্তী গতিমুখ সম্পর্কে বলা সম্ভব হবে।’ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ঘূর্ণিঝড় ‘জল’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪৮০ ও কক্সবাজার উপকূল থেকে ১৩৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১৪৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলেমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।