নিম্নচাপটি মংলা অতিক্রম করেছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ শুক্রবার সন্ধ্যায় মংলার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি বরিশাল, নোয়াখালী ও তদসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের সন্ধ্যা ছয়টার বুলেটিনে এ তথ্য জানানো হয়। তবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে। চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।বুলেটিনে আরও জানানো হয়, নিম্নচাপটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উপকূলীয় জেলাগুলো কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।