নিম্নতম মজুরি ৫ হাজার টাকা ঘোষণা না হলে আন্দোলনের হুমকি পোশাক শ্রমিকদের
পোশাকশিল্পের শ্রমিক সমাবেশে বক্তারা বলেছেন, ২৮ জুলাইয়ের মধ্যে নিম্নতম মজুরি পাঁচ হাজার টাকা ঘোষণা করতে হবে। তা না হলে শ্রমিকেরা ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।আজ শুক্রবার সর্বদলীয় গার্মেন্টস-শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত সমাবেশে শ্রমিকেরা এ ঘোষণা দেন। মুক্তাঙ্গনে সমাবেশ শেষে একটি মিছিল বের করেন শ্রমিক প্রতিনিধিরা।সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়কারী মাহবুবুর রহমান। এতে ঘোষণাপত্র পড়ে শোনান গার্মেন্ট-শ্রমিক ট্রেড ইউনিয়নকেন্দ্রের সাধারণ সম্পাদক কে এম রুহুল আমিন। শ্রমিকনেতা মোশরেফা মিশু, মন্টু ঘোষ, আবুল হোসাইন, বাহরানে সুলতান প্রমুখ আলোচনায় অংশ নেন।বক্তারা বলেন, মাথার ঘাম পায়ে ফেলে শ্রমিকেরা হাড়ভাঙা পরিশ্রম করে শিল্পটির উন্নতি করছে। কিন্তু শ্রমিকেরা দেশীয় ও আন্তর্জাতিক আইন বা সনদ অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা কিছুই পাচ্ছেন না। এমনকি তাঁরা বাঁচার মতো ন্যূনতম মজুরি পাওয়া থেকেও বঞ্চিত হচ্ছে। শিল্পে শান্তি রক্ষা ও উত্পাদন বাড়ানোর জন্যই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা প্রয়োজন। বিজ্ঞপ্তি।