একটি বইয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করার ব্যাখ্যা জানাতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানসহ পাঁচজনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি তাঁদের আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।‘প্রগতি নিম্নমাধ্যমিক বাংলা ব্যাকরণ ও রচনা’ বইয়ে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করায় ওই বইটি ১৫ দিনের মধ্যে বাজার থেকে বাজেয়াপ্ত করার জন্য পুলিশের মহাপরিদর্শককে (আইজি) নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ছাড়া ওই বইয়ের প্রকাশক মো. তোফাজ্জল হোসেন, লেখক রতন সিদ্দিকী, সম্পাদনা বিভাগের সফিউদ্দিন আহমদ ও মোহাম্মদ আবদুল জলিলকে আগামী ২ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আদালতে রিট আবেদনটি করেন মুক্তিযোদ্ধা মো. এনামুল হক। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী বেলাল হোসেন। তিনি প্রথম আলোকে জানান,স্বাধীনতার প্রকৃত ইতিহাস গোপন করে ভবিষ্যৎ প্রজন্মকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা কেন সংবিধান-বহির্ভূত করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুলও জারি করেন।