ভেজাল ও নিম্নমানের ওষুধ উত্পাদন করায় সরকার চলতি বছর ৩১টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আজ বুধবার সংসদে উত্থাপিত এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রহুল হক এ কথা বলেছেন। সুকুমার রঞ্জন ঘোষের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে রহুল হক বলেন, ভেজাল ও নিম্নমানের ওষুধ উত্পাদন এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি) সঠিকভাবে অনুসরণ না করায় সরকার ১৬টি কোম্পানির ওষুধ উত্পাদন লাইসেন্স সাময়িক বাতিল, ১৪টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিভিন্ন গ্রুপের ওষুধ উত্পাদন স্থগিত এবং একটি প্রতিষ্ঠানের ওষুধ উত্পাদন সাময়িক স্থগিত করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, ক্ষতিকর ওষুধ বাজার থেকে অপসারণের লক্ষ্যে ওষুধ প্রশাসন অধিদপ্তর নিয়মিতভাবে ওষুধের বাজারে ও উত্পাদন কারখানায় অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নিচ্ছে। নকল ওষুধ তৈরি ও বাজারজাতকরণ প্রতিরোধকল্পে ২০১১ সালে ড্রাগ কোর্টে ১৫টি, মোবাইল কোর্টে ২১ এবং ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা করা হয়েছে। বিভিন্ন কোর্টের মাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে জেল এবং জরিমানা করা হয়েছে। নূর আফরোজ আলীর প্রশ্নের জবাবে রুহুল হক বলেন, ‘আমাদের দেশের সকল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পক্ষে জিএমপির গাইড লাইন পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ এখনো সম্ভব হয়ে ওঠেনি। তবে এরই মধ্যে দেশের বেশ কয়েকটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউকে-এমএইচআরএ, ইইউ (ইউরোপিয়ান ইউনিয়ন), টিজিএ (অসরালিয়া) এবং জিসিসির (গালফ স্টেট) যোগ্যতার সনদ অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশের গুণগত মানসম্পন্ন ওষুধ ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ৮৭টি দেশে রপ্তানি হচ্ছে।ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বলেন, ২০১১ সালে হাজি পাঠানোর বিষয়ে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে তিনটি ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। এগুলো হলো, রাজধানীর দিলকুশা এলাকার ফেয়ার লাইন ট্রাভেলস, টয়েনবী সার্কুলার রোডের স্টার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং ফকিরাপুলের জীবন ট্রাভেলস।