নিম্নমানের ওষুধ বাজারজাতকরণ বন্ধে নজরদারি বাড়ান: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিম্নমানের ওষুধ বাজারজাতকরণ বন্ধে নজরদারি জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ওষুধের সঙ্গে মানুষের বাঁচা-মরার প্রশ্ন জড়িত। তাই ওষুধের মান বজায় রাখা অত্যন্ত জরুরি।আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘পঞ্চম এশিয়ান ফার্মা এক্সপো-২০১১’ শীর্ষক তিন দিনব্যাপী ওষুধ মেলার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) এবং জিপিই এক্সপো প্রাইভেট লিমিটেড যৌথভাবে এ মেলার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে জীবনরক্ষাকারী জরুরি ওষুধ যাতে দরিদ্র মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা যায়, সে জন্যও প্রধানমন্ত্রী ওষুধ কোম্পানিগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেন। তিনি বলেন, অর্থনৈতিক কারণে সাধারণ জনগণের পক্ষে উচ্চমূল্যে ওষুধ কেনা সম্ভব নয়।স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ ওষুধশিল্প সমিতির উপদেষ্টা নাজমুল হাসান এবং এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ অনুষ্ঠানে বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি সালমান এফ রহমান।প্রধানমন্ত্রী বলেন, ‘ওষুধ তৈরিতে বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে। এখন দেশের অভ্যন্তরীণ চাহিদার শতকরা ৯৭ ভাগ মেটানো হচ্ছে দেশের তৈরি ওষুধ দিয়ে। বিদেশে আমাদের তৈরি ওষুধ রপ্তানি হচ্ছে। তার পরও ওষুধের কাঁচামালের বেশির ভাগ (প্রায় ৭০ শতাংশ) বিদেশ থেকে আমদানি করতে হয়। এই আমদানিনির্ভরতা কমিয়ে ওষুধের কাঁচামাল তৈরির উদ্যোগ নিতে হবে।’শেখ হাসিনা বলেন, দেশে ওষুধের কাঁচামাল উত্পাদনের লক্ষ্যে দাউদকান্দির কাছে একটি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পার্ক (এপিআই) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী নতুন ওষুধ আবিষ্কারের ব্যাপারে গবেষণার অভাবের কথা উল্লেখ করেন এবং এ সমস্যা সমাধানে মৌলিক গবেষণার ওপর জোর দেন। তিনি ওষুধশিল্পের বিকাশে সন্তোষ প্রকাশ করে বলেন, বাংলাদেশ এখন বিশ্বের প্রায় ৯০টি দেশে ওষুধ রপ্তানি করছে। এই শিল্পের আরও বিকাশে যা যা করা দরকার, সরকার তা করতে বদ্ধপরিকর।শেখ হাসিনা ভারত, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে ভেষজ ওষুধ উত্পাদনের কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের দেশেও ভেষজ ওষুধের প্রচুর উপাদান পাওয়া যায়। এ দেশেও ভেষজ ওষুধ উত্পাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে।’উল্লেখ্য, বিশ্বের ২৮টি দেশের ১৫০টি ওষুধ কোম্পানি এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বাসস।