নিম্নমানের ফ্লাইওভার করার চেয়ে না করাই ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ফ্লাইওভার চাইলেই হবে না। ফ্লাইওভার সহজ বিষয় না। তাড়াহুড়ো করে নিম্নমানের ফ্লাইওভার করবে না সরকার।’ তিনি বলেন, ‘নিম্নমানের ফ্লাইওভার করার চেয়ে না করাই ভালো। মানুষকে জানে মারার চেয়ে না মারাই ভালো।’ আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সরকারদলীয় সাংসদ আবু জাহিরের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘নিম্নমানের উড়াল সেতু নির্মাণ করে চট্টগ্রামের ঘটনা ঘটুক সরকার তা চায় না। তাড়াহুড়ো করে নিম্নমানের উড়াল সেতু নির্মাণ করা হবে না। প্রয়োজনে সড়ক সম্প্রসারণ করা হবে।’ সংসদে সরকারদলীয় সাংসদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, বাংলাদেশ রেলওয়ে গত অর্থবছরে এক হাজার কোটি টাকার বেশি লোকসান দিয়েছে; এর পরিমাণ এক হাজার ৫৯ কোটি ৬৮ লাখ টাকা।নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে মুজিবুল হক জানান, গত ২০১১-২০১২ অর্থবছরে রেলে ছয় কোটি ৬১ লাখ জন যাত্রী পরিবাহিত হয়েছে। ওই অর্থবছরে রেলওয়ের আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫১৮ কোটি টাকা। এর বিপরীতে রেলের আয় হয়েছে ৬২৮ কোটি ৮৮ লাখ টাকা। আর, ওই সময়ে ব্যয় হয়েছে এক হাজার ৬৮৮ কোটি ৫৬ লাখ টাকা। সরকারি দলের সাংসদ শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত বছরে জ্বালানি তেলের মূল্য ২৩০ ভাগ বেড়েছে। সে অনুযায়ী সড়কপথে ভাড়া বৃদ্ধি পেলেও রেলের ভাড়া বাড়েনি। ২০ বছর পর রেলের ভাড়া বাড়ানো হয়েছে। মুজিবুল হক আরও জানান, ভাড়া বাড়ার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়নে নতুন ট্রেন চালু, মুঠোফোন ও ইন্টারনেটের মাধ্যমে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ২৬৪টি মিটারগেজ কোচ ও দুটি ব্রডগেজ সেলুন কেনার পরিকল্পনা রয়েছে।