দেশের পুঁজিবাজারে আজ রোববার সপ্তাহের প্রথম দিনে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে দুই বাজারেই বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি সূচকও কমেছে। একই সঙ্গে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে দুই বাজারেই। নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। একপর্যায়ে সূচক সামান্য বাড়লেও নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪৪.৫৬ পয়েন্ট কমে ৪২১৪.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ৬৬ পয়েন্ট কমে যায়। এরপর সূচক কমার হার কিছুটা কমে। দুপুর ১২টার দিকে সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে যায়। তবে এর পর থেকে আবারও সূচকের তীর নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পযন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৬টিরই দাম কমেছে। বেড়েছে ৬২টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ২১২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৬১ কোটি টাকা কম।দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো এনবিএল, বেক্সিমকো, আরএন স্পিনিং, মার্কেন্টাইল ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, এস আলম কোল্ড রোল্ড স্টিল, কেয়া কসমেটিকস, ইউসিবিএল, ইউনাইটেড এয়ার ও বেক্সিমকো সিনথেটিকস।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৩৮.০৮ পয়েন্ট কমে ১২১৯৪.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টিরই দাম কমেছে। বেড়েছে ৩৬টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৯ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে নয় কোটি টাকা কম।