রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা না নিয়ে নিয়োগ দেওয়া একজন সহকারী ব্যবস্থাপকের নিয়োগপত্রও বাতিল করা হয়েছে। ১০ জানুয়ারি কোম্পানির একজন উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ও দুজন ব্যবস্থাপকের সমন্বয়ে এ তদন্ত কমিটি গঠন করা হয়। তাঁরা হলেন, কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (বিদ্যুত্ সংরক্ষণ) এ কে এম ইয়াকুব, ব্যবস্থাপক (টারবাইন) ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস ও ব্যবস্থাপক (বয়লার) মো. শাহ আলম খান। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে অনিয়মের বিষয়টি অনুসন্ধান করে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া ৯ জানুয়ারি সহকারী ব্যবস্থাপক (ক্রয়) পদে নিয়োগ পাওয়া মো. এমদাদুল হকের নিয়োগপত্র বাতিল করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আলম।তদন্ত কমিটিকে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের ওপর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ও মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) বিভাগসহ অন্য বিভাগের ত্রুটি-বিচ্যুতি চিহ্নিতকরণ, কোম্পানির সার্বিক বিষয়ের ওপর মতামত ও সুপারিশ দেওয়ার কথাও বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান এ কে এম ইয়াকুব আজ মঙ্গলবার রাতে প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা তদন্তকাজ শুরু করেছি। তিন দিনের মধ্যে আমাদের প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও আমাদের আরও কয়েক দিন সময় লাগবে।’ এদিকে পাওয়ার প্লান্টের আওয়ামীপন্থী শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা আজ নিয়োগ-পদোন্নতির অনিয়মের তদন্তসহ ১৫ দফা দাবিতে প্রতিষ্ঠানে বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা অনিয়মের ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরিচালনা পর্ষদের প্রতি আহ্বান জানান। ৮ জানুয়ারি প্রথম আলোর প্রথম পাতায় ‘অনিয়মই নিয়োগের নিয়ম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বুয়েটের মাধ্যমে পরীক্ষা নিয়ে তা বাতিল করা, পত্রিকায় বিজ্ঞপ্তি ছাড়া পরীক্ষা নেওয়া, পরীক্ষা ছাড়া নিয়োগ, এক পদের জন্য পরীক্ষা নিয়ে অন্য পদে নিয়োগ, নিয়োগে মেধা তালিকা অগ্রাহ্য করাসহ বিভিন্ন অনিয়মের বিষয় উল্লেখ করা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর এ অনিয়মের বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন ও সহকারী ব্যবস্থাপক (ক্রয়) পদে নিয়োগ পাওয়া ব্যক্তির নিয়োগপত্র বাতিল করা হয়।