নিরক্ষরতা দূর করতে তিন হাজার কোটি টাকার প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ১৫ থেকে ৪৫ বছর বয়সের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নিরক্ষর। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সর্বশেষ হিসাবে, ওই সংখ্যা তিন কোটি ৭৩ লাখ ৫০ হাজার। সরকার বলছে, ২০১৪ সালের মধ্যে দেশ নিরক্ষরমুক্ত করা হবে। এ লক্ষ্যে নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষরজ্ঞান করতে প্রায় তিন হাজার কোটি টাকার দুটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে ‘মৌলিক সাক্ষরতা ও অব্যাহত শিক্ষা প্রকল্প-১ ও ২’ (বেসিক লিটারেসি অ্যান্ড কন্টিনিউয়িং এডুকেশন প্রজেক্ট) শীর্ষক ওই প্রকল্প দুটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন পেলে আগামী জানুয়ারি থেকে আনুষ্ঠানিক কার্যক্রম এবং জুন থেকে মাঠপর্যায়ে প্রকল্পের কাজ শুরু হবে। প্রথম প্রকল্পটি বাস্তবায়ন করা হবে ৬১ জেলায়। আর দ্বিতীয় প্রকল্পটি তিন পার্বত্য জেলার জন্য।জানা যায়, প্রকল্পে থাকবে দুটি অংশ। প্রথমটি ‘মৌলিক সাক্ষরতা’। এটি হবে ছয় মাসের কোর্স। দ্বিতীয় অংশে থাকবে অব্যাহত শিক্ষা। এ পর্যায়ে মূলত ১১ থেকে ২৫ বছর বয়সী এক কোটি ২০ লাখ ৭৩ হাজার নিরক্ষরকে সাক্ষর করার পর তিন ধাপে তিন মাস করে ১৮ মাসের বিষয়ভিত্তিক কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশাসন, বেসরকারি সংস্থা, ও স্থানীয় শিক্ষানুরাগীদের মাধ্যমে ওই প্রকল্প বাস্তবায়ন করা হবে। তবে শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ছয় বা নয় মাসের ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া হলে অর্থের অপচয় হতে পারে। যে প্রক্রিয়ায় প্রকল্প বাস্তবায়নের কথা বলা হচ্ছে, তা কতটুকু সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে। এতে সার্বিক সাক্ষরতা আন্দোলনের (টিএলএম) মতো আরেকটি ব্যর্থ প্রকল্প হওয়ার আশঙ্কা থেকে যাবে। এর আগে উপানুষ্ঠানিক শিক্ষার অন্যতম প্রকল্প ছিল টিএলএম। উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের অধীনে ১৯৯৬ সালে শুরু হওয়া প্রকল্পটি ব্যর্থ হয়। এ ছাড়া ২০০৩ সালে সুস্পষ্ট দুর্নীতির অভিযোগে উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরই বন্ধ করে দেন ওই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তখন বেসরকারি সংস্থা নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির ব্যাপক অভিযোগ ওঠে।২০০৫ সালে আবার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নামে উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম শুরু হয়। এ ব্যুরোর অধীনে দুটি প্রকল্পের আওতায় উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে।এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পটি এখনো একনেকে পাস হওয়ার অপেক্ষায়। এ প্রকল্পে নিরক্ষরদের শুধু লিখতে ও পড়তে শেখানো হবে। সেটি হবে ছয় মাসের। এর মধ্য থেকে যাদের কাজে লাগানো যাবে, তাদের আলাদা করে দেড় বছরের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।’ ২০১৩ সালের মধ্যেই নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষর করা সম্ভব বলে আশা করেন প্রতিমন্ত্রী।এ প্রসঙ্গে জানতে চাইলে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, আলোচিত প্রক্রিয়ায় দেশ নিরক্ষরমুক্ত করা সম্ভব নয়। তিনি আরও বলেন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা প্রশাসন নিয়ন্ত্রণকারীর ভূমিকায় থাকলে প্রকল্প বাস্তবায়ন করা কঠিন হবে। তিনি স্থানীয় সরকারের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন এবং এনজিও নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা রক্ষার দাবি জানিয়ে বলেন, এটা না হলে টিএলএমের মতো মূল উদ্দেশ্য অর্জিত হবে না। প্রকল্প করে নিরক্ষরতা দূর করা যাবে না—এমন মত দিয়ে রাশেদা কে চৌধুরী আরও বলেন, এ জন্য সামাজিক আন্দোলনমুখী দীর্ঘমেয়াদি কর্মসূচি নিতে হবে।প্রকল্প-১: মৌলিক সাক্ষরতা ও অব্যাহত শিক্ষা প্রকল্প-১ বাস্তবায়ন করা হবে দেশের ৬১টি জেলায়। এর ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৯৬২ কোটি ৪৩ লাখ ৪৩ হাজার টাকা। প্রকল্প-২ বাস্তবায়ন করা হবে তিনটি পার্বত্য জেলায়। এর ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকার কিছু বেশি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্প-১ বাস্তবায়ন করতে প্রতিটি উপজেলায় গড়ে এক হাজার ৩৪৭টি করে ৬১টি জেলায় মোট ছয় লাখ ১৪ হাজার ৩০৪টি কেন্দ্র করা হবে। প্রতিটি উপজেলায় গড় নিরক্ষর লোক ধরা হয়েছে ৮০ হাজার ৮৩৩ জন।দেশের সব প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার বর্তমান অবকাঠামো এ কাজে ব্যবহার করা হবে। অতিরিক্ত কেন্দ্রগুলো ভাড়া নেওয়া হবে। দুটি শিফটে এসব কেন্দ্রে পাঠদান চলবে। প্রতি কেন্দ্রে একজন শিক্ষকের বিপরীতে ছাত্র থাকবে সর্বোচ্চ ৩০ জন।তিনটি পার্বত্য জেলা ছাড়া ৬১টি জেলার ৪৫৬টি উপজেলার তিন কোটি ৬৮ লাখ ৬০ হাজার নিরক্ষরকে মৌলিক অক্ষরজ্ঞান দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে এর মধ্য থেকে ১১ থেকে ২৫ বছর বয়সের এক কোটি ১৬ লাখ নতুন সাক্ষরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে।প্রকল্প-২: প্রকল্প-২ বাস্তবায়ন করা হবে তিনটি পার্বত্য জেলায়। তিন জেলায় ১১ থেকে ৪৫ বছর বয়সী মোট নিরক্ষর লোক চার লাখ ৭৩ হাজার। প্রকল্প-২-এর প্রথম পর্যায়ে এসব নিরক্ষর লোককে মৌলিক অক্ষরজ্ঞান দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে এর মধ্য থেকে ১১ থেকে ৪৫ বছর বয়সী এক লাখ ৪৫ হাজার জনকে দেওয়া হবে কারিগরি প্রশিক্ষণ। তিন জেলার প্রতিটিতে ৩১৫টি করে কেন্দ্র করা হবে। প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া: তিনটি ধাপে প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে (২০১০-১১ ) ৬১টি জেলার একটি করে উপজেলায় প্রকল্প বাস্তবায়ন করা হবে। দ্বিতীয় ধাপে (২০১১-১২) প্রতিটি জেলার দুটি করে উপজেলা এবং তৃতীয় ধাপে (২০১২-১৩) বাকি ২৭৩টি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন করা হবে। এরপর এক বছর ফলোআপ কর্মসূচি চালানো হবে।প্রকল্প বাস্তবায়নে জেলা পর্যায়ে মূল ভূমিকায় থাকবেন জেলা প্রশাসক। উপজেলা পর্যায়ে ইউএনও হবেন প্রকল্পের মূল নিয়ন্ত্রক।এ প্রসঙ্গে জানতে চাইলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক রেজাউল কাদের বলেন, প্রকল্প দুটি একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন পেলে আগামী জানুয়ারি থেকে নিয়োগ ও অন্যান্য কাজ এবং জুন থেকে মাঠপর্যায়ে কাজ শুরু হবে।শুরুতেই সংশয়: প্রস্তাবিত এ প্রকল্প নিয়ে শুরুতেই শঙ্কা ব্যক্ত করছেন শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা। গত ২ অক্টোবর এক গোলটেবিল আলোচনায় তাঁরা প্রকল্পটি সম্পর্কে মানুষকে জানানো এবং শিক্ষাসংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কর্মপন্থা ঠিক করার তাগিদ দেন। এ বিষয়ে শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, ছয়-নয় মাসের ক্র্যাশ প্রোগ্রামে খুব একটা লাভ হয় না। এর আগে এ ধরনের কর্মসূচিতে বিশাল অঙ্কের টাকা পানিতে গেছে। এবারও যদি সে ধরনের কিছু হয় তাহলে অপচয়ের আশঙ্কা থেকে যায়। তিনি বলেন, সরকারের উচিত তারা কী প্রকল্প নিচ্ছে, তা আগেভাগে জনগণকে জানানো। যারা শিক্ষা নিয়ে কাজ করে, তাদের সঙ্গে আলোচনা করে কীভাবে কাজ করবে তা ঠিক করা।