নিরন্তর সংগ্রাম মধ্যবিত্তের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াপল্টনের স্কাই ভিউ অ্যাপার্টমেন্টের বাসিন্দা সাজিয়া আফরিন। কুশল জিজ্ঞাসা করতেই উত্তরে বললেন, ‘ভালো কীভাবে থাকব? ওয়াসার পানিরও দাম বেড়েছে। ময়লা-দুর্গন্ধযুক্ত পানি, তা-ও দাম বাড়ল। এই দেশে মুঠোফোনের কলরেট ছাড়া আর কোনো কিছুর দাম কমে না। আজব!’সাজিয়া আফরিন লিটল জুয়েলস স্কুলে পড়ান, স্বামী নারায়ণগঞ্জের এক পোশাক শিল্পকারখানার প্রশাসনিক কর্মকর্তা। দুজনের রোজগার ৪০ হাজার টাকা। তবু চার সদস্যের পরিবার চলে না। জীবনের সব শখ-আহ্লাদ ছেঁটে ফেলেছেন, জীবন চালাতে এবার ব্যয়সংকোচ কোথায় করবেন, সেই চিন্তায় অস্থির। গত এক বছরে ঠিক কোন জিনিসটির দাম বাড়ায় তিনি সবচেয়ে অসন্তুষ্ট, এমন প্রশ্নের জবাবে সাজিয়া একটু দ্বিধায় পড়লেন। বাড়িভাড়া, যাতায়াত ভাড়া, নিত্যপ্রয়োজনীয় খাবার, মনিহারি পণ্য কোনটার কথা বলবেন! সবকিছুর দাম চড়া। চাল-ডালের দাম বাড়ার যুক্তিতে সাজিয়ার বাড়িওয়ালা গতবছর মে মাসে একবার এক হাজার টাকা বাসাভাড়া বাড়িয়েছেন, আবার জানুয়ারিতে এক ধাক্কায় বাড়িয়েছেন দুই হাজার টাকা। প্রতিবাদ করেননি কেন এমন প্রশ্নে বলেন, ‘প্রশ্ন করলে বাড়িওয়ালা তক্ষুনি তাঁকে বলবেন, “না পোষালে চলে যান”। পর দিনই দরজায় টু-লেট লেখা সাইনবোর্ড ঝুলবে।’ দুঃখ করে সাজিয়া আরও বলেন, মধ্যবিত্তদের সবাই চাপে রেখেছে, যে যেভাবে পারছে। সিএনজিচালিত অটোরিকশাচালকেরাও তাঁর চোখে দুর্বৃত্ত। যা ভাড়া চাপায়, তা-ই মেনে নিতে হয়। সাজিয়ার সঙ্গে কথার ফাঁকে যোগ দেন তাঁর বোন শাহানা পারভীন। দুই বোন একনাগাড়ে কী কী জিনিসের দাম বেড়েছে, তা বলতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠলেন। তাঁরা বলছিলেন, চাল-ডাল-তেল-চিনির দাম বেড়েছে। বাসভাড়া বেড়েছে। দাম বেড়েছে সবরকম সাবানের। মিনিপ্যাক শ্যাম্পুর দাম বাড়েনি, তবে প্যাকেটে শ্যাম্পুর পরিমাণ কমেছে। এক প্যাকেট নুড্লসের দাম এক বছর আগেও ছিল ১০ টাকা, এখন ১৬ টাকা। তার ওপর পরিমাণে কম। বাড়ির শিশুরা কর্নফ্লেক্স খেতে ভালোবাসে। আগে মাসে একজনের জন্য বরাদ্দ ছিল এক প্যাকেট কর্নফ্লেক্স, এখন এই এক প্যাকেট দুই ভাইবোন ভাগ করে খায়। নেহায়েত বাধ্য না হলে তাঁরা কোথাও বেড়াতে যান না । খুব প্রয়োজন না হলে দর্জির দোকানে যান না। সালোয়ার-কামিজ থেকে শুরু করে ব্লাউজ সেলাইয়ের মজুরিও বেড়েছে। বেড়েছে বাড়ির গৃহকর্মীর বেতনও। চার বছর আগে যখন সাজিয়া সংসার শুরু করেন, তখন গৃহকর্মীর বেতন ছিল ৫০০ টাকা, এখন দুই হাজার টাকা। শুধু বাড়েনি মধ্যবিত্তের আয়।ক্ষুব্ধ শাহানা পারভীন বললেন, সরকার একেবারে দরিদ্রদের কথা ভাবে, আর ভাবে ধনীদের কথা। মধ্যবিত্তদের খেয়েপরে বাঁচতে হবে, সে কথা কেউ ভাবে না।