নিরপরাধ প্রমাণিত হলেই তদন্তের আশ্বাস ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিবর্ষণ ও তাদের হাতে নিরপরাধ বাংলাদেশিদের হত্যা বন্ধের দাবিটি আবার জোরালোভাবে তুলেছে বাংলাদেশ। এ পরিপ্রেক্ষিতে বিএসএফের হাতে বাংলাদেশের নাগরিকদের হত্যার ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে ভারত। স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মোশতাক আহমেদ আজ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান। তিনি এদিন ঢাকায় দুই দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তবে বাংলাদেশি হত্যায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তের আশ্বাস দিলেও গত বছরের জানুয়ারিতে বাংলাদেশি কিশোরী ফেলানির ‘মৃত্যু’র (সীমান্ত হত্যাকাণ্ডকে ভারত হত্যা নয়, মৃত্যু আখ্যায়িত করে আসছে) ঘটনায় অভিযুক্ত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে তদন্ত আদালত এখনো শেষ হয়নি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান ভারতের স্বরাষ্ট্রসচিব আর কে সিং। বৈঠকে বন্দী প্রত্যর্পণ চুক্তির অগ্রগতি হয়েছে কি না, জানতে চাইলে আর কে সিং বলেছেন, আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তরের ক্ষেত্রে বন্দী প্রত্যর্পণ চুক্তি কোনো বাধা নয়। সার্কের বিদ্যমান চুক্তিতে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া সম্ভব। সি কিউ কে মোশতাক আহমেদ জানান, দুই দেশের জনগণের চলাচল সুগম করতে তাঁরা ভিসাপ্রক্রিয়া সহজতর করতে রাজি হয়েছেন। এ লক্ষ্যে বাংলাদেশের কোনো রোগী ভারত সফরের সময় তাঁর দেখভালের জন্য ভ্রমণপ্রত্যাশীকে ভারত স্বেচ্ছায় দীর্ঘমেয়াদি ভিসা দিতে রাজি হয়েছে। এ ছাড়া ’৭৪-এর সীমান্ত প্রোটোকল বাস্তবায়নের লক্ষ্যে ভারত আগামী পার্লামেন্ট অধিবেশনে প্রস্তাবটি উত্থাপনের আশ্বাস দিয়েছে। নিরপরাধ হলেই তদন্ত: সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা আর তাদের ওপর গুলিবর্ষণের বিষয়টি বাংলাদেশ জোরালোভাবে তুলে ধরেছে বলে উল্লেখ করেন সি কিউ কে মোশতাক আহমেদ। তিনি বলেন, এ ব্যাপারে ভারতের পক্ষ থেকে সীমান্ত হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ তদন্ত করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এটাও বলা হয়েছে, সীমান্তে অপরাধীরা সহিংস ঘটনা ঘটায়, তাদের সীমান্তরক্ষীরা হামলার শিকার হয়। এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, এ বিষয়টি সুরাহা করতে হবে, যাতে করে উচ্চপর্যায়ের বৈঠকে আর তোলা না হয়। সংবাদ সম্মেলন শেষে আর কে সিংয়ের কাছে জানতে চাওয়া হয়, প্রতিটি সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত আদালত হবে কিনা? প্রথম আলো ডটকমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিটি হত্যাকাণ্ড নয়, নিহত ব্যক্তিটি নিরপরাধ প্রমাণিত হলেই তদন্ত আদালত করা হবে, অপরাধীর জন্য নয়।’ নিহত ব্যক্তিটি অপরাধী নাকি নিরপরাধ, এটি প্রমাণ হবে কী করে? এর উত্তরে তিনি বলেন, দুই পক্ষ আলোচনার মাধ্যমে এটি ঠিক করবে। ২১ মাস আগে বিএসএফের হাতে নিহত ফেলানি হত্যাকাণ্ডের তদন্ত আদালত শেষ হয়েছে কি না, জানতে চাইলে তিনি ‘না’ সূচক উত্তর দেন। তবে তিনি জানিয়েছেন, খুব শিগগির এটি শেষ হবে। সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার আশ্বাস বছরের পর বছর দেওয়া হচ্ছে অথচ বাস্তবে হত্যাকাণ্ড থামছে না কেন? এমন প্রশ্নের উত্তরে ভারতের স্বরাষ্ট্রসচিব বলেন, ‘গত কয়েক বছরে মৃত্যুর সংখ্যা কমেছে। মৃত্যুর ঘটনা কমাতে আমরা রাবার বুলেট ব্যবহারের নির্দেশ দিয়েছি। এর পর থেকেই বিএসএফের সদস্যরা সীমান্ত এলাকায় দুষ্কৃতকারীদের হামলার শিকার হয়েছেন। সাম্প্রতিক সময়ে অন্তত ৪০০ বিএসএফ সদস্য আহত হয়েছেন। এ প্রেক্ষাপটে আত্মরক্ষার্থে বিএসএফ গুলি ছুড়তে বাধ্য হচ্ছে।’ প্রসঙ্গত, আজ রাজধানীর একটি হোটেলে দুই প্রতিবেশী দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।