নিরপরাধ প্রমাণিত হলেই তদন্তের আশ্বাস ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিবর্ষণ এবং তাদের হাতে নিরপরাধ বাংলাদেশি হত্যার ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে ভারত। বাংলাদেশ সীমান্ত হত্যা বন্ধের দাবিটি আবার জোরালোভাবে তুলে ধরার পরিপ্রেক্ষিতে ভারত এ আশ্বাস দিল। ঢাকায় গতকাল মঙ্গলবার দুই দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মোশতাক এ তথ্য জানান। গতকাল বিকেলে ঢাকার একটি হেটেলে এই বৈঠক হয়। বাংলাদেশি হত্যায় জড়িতদের তদন্তের আশ্বাস দিলেও গত বছরের জানুয়ারিতে বাংলাদেশি কিশোরী ফেলানীর ‘মৃত্যু’তে (সীমান্ত হত্যাকাণ্ডকে ভারত মৃত্যু আখ্যায়িত করে আসছে) অভিযুক্ত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে ‘তদন্ত আদালত’ এখনো শেষ হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ভারতের স্বরাষ্ট্রসচিব আর কে সিং। বৈঠকে বন্দী প্রত্যর্পণ চুক্তির অগ্রগতি হয়েছে কি না, জানতে চাইলে আর কে সিং বলেন, আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তরের ক্ষেত্রে বন্দী প্রত্যর্পণ চুক্তি কোনো বাধা নয়। সার্কের বিদ্যমান চুক্তিতে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া সম্ভব। সি কিউ কে মোশতাক আহমেদ জানান, দুই দেশের জনগণের চলাচল সুগম করতে তাঁরা ভিসা-প্রক্রিয়া সহজতর করতে রাজি হয়েছেন। এ লক্ষ্যে বাংলাদেশের কোনো রোগী ভারত সফরের সময় তার দেখভালের জন্য ভ্রমণপ্রত্যাশীকে ভারত স্বেচ্ছায় দীর্ঘ মেয়াদে ভিসা দিতে রাজি হয়েছে। তিনি জানান, ’৭৪-এর সীমান্ত প্রটোকল বাস্তবায়নের লক্ষ্যে ভারত আগামী পার্লামেন্ট অধিবেশনে প্রস্তাবটি উত্থাপনের আশ্বাস দিয়েছে। ‘নিরপরাধ হলেই তদন্ত’: সীমান্তে বাংলাদেশের লোকজনকে হত্যা আর গুলিবর্ষণের বিষয়টি বাংলাদেশ জোরালোভাবে তুলে ধরেছে উল্লেখ করে সি কিউ কে মোশতাক আহমেদ বলেন, এ ব্যাপারে ভারতের পক্ষ থেকে সীমান্ত হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ তদন্ত করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এ-ও দাবি করা হয়েছে, সীমান্তে অপরাধীদের সহিংস ঘটনায় তাদের সীমান্তরক্ষীরা হামলার শিকার হয়। সংবাদ সম্মেলন শেষে আর কে সিংয়ের কাছে প্রথম আলো জানতে চায়, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত হবে কি না? জবাবে তিনি বলেন, ‘নিহত ব্যক্তি নিরপরাধ প্রমাণিত হলেই তদন্ত আদালত করা হবে। অপরাধীর জন্য নয়।’ নিহত ব্যক্তি অপরাধী, না কি নিরপরাধ, এটা প্রমাণ হবে কী করে—জানতে চাইলে তিনি বলেন, দুই পক্ষ আলোচনার মাধ্যমে এটা ঠিক করবে। ২১ মাস আগে বিএসএফের হাতে নিহত ফেলানী হত্যাকাণ্ডের তদন্ত আদালত শেষ হয়েছে কি না জানতে চাইলে তিনি ‘না’সূচক জবাব দেন। তবে তিনি জানিয়েছেন, শিগগিরই এ তদন্ত শেষ হবে। সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার আশ্বাস বছরের পর বছর দেওয়া হচ্ছে, অথচ বাস্তবে হত্যাকাণ্ড থামছে না কেন? এমন প্রশ্নের জবাবে ভারতের স্বরাষ্ট্রসচিব বলেন, ‘গত কয়েক বছরে মৃত্যুর সংখ্যা কমেছে। মৃত্যুর ঘটনা কমাতে আমরা রাবার বুলেট ব্যবহারের নির্দেশ দিয়েছি। এর পর থেকেই বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকায় দুষ্কৃতকারীদের হামলার স্বীকার হয়েছেন।’ সাম্প্রতিক সময়ে অন্তত ৪০০ বিএসএফের সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। বন্দী প্রত্যর্পণ চুক্তি বাধা নয়: দুই দেশের স্বরাষ্ট্রসচিব সাংবাদিকদের জানান, সার্কের আওতায় অর্থাৎ পারস্পরিক আইনি সহায়তাবিষয়ক এক চুক্তির আওতায় অনুপ চেটিয়াকে হস্তান্তর সম্ভব। ভারতের স্বরাষ্ট্রসচিব বলেন, বন্দী প্রত্যর্পণ চুক্তি এ ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নয়। আর বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব বলেন, ‘বিদম্যান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে আমরা ইতিমধ্যেই বেশ কিছু অপরাধীকে হস্তান্তর করেছি।’ তিনি জানান, ভারতে পালিয়ে থাকা বাংলাদেশের ফেরারি আসামি ও সন্ত্রাসীদের ফেরত দিতে ভারত আরও তথ্য চেয়েছে। এ ছাড়া মাদক ও মানব পাচার এবং মাদ্রকদ্রব্যের বিস্তার রোধ করতে দুই পক্ষ একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে।