দুদকের অনুসন্ধানে যাদের নাম আসবে, তাদের সবার বিরুদ্ধেই সমান ব্যবস্থা নেওয়ার কথা বলেছে বিশ্বব্যাংক। কাউকে ছাড় দিলে তা নিরপেক্ষ অনুসন্ধান হবে না। অনুসন্ধানে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নাম রয়েছেপদ্মা সেতুর দুর্নীতির অনুসন্ধান নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়ে দিয়েছে বিশ্বব্যাংক। তারা বলেছে, কেবল পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করলেই সংস্থাটি পদ্মা সেতু প্রকল্পের অর্থায়নে অগ্রসর হবে। বিশ্বব্যাংক আরও মনে করিয়ে দিয়েছে, তারা দুর্নীতির বিষয়ে যথেষ্ট পরিমাণ সাক্ষ্য-প্রমাণও দিয়েছে।দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত পর্যবেক্ষণ শেষে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার দুই দিন পর এ কথা আনুষ্ঠানিকভাবে জানাল বিশ্বব্যাংক। গতকাল শনিবার সংস্থাটির বাংলাদেশ প্রধান অ্যালেন গোল্ডস্টেইন এ-সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন।সংক্ষিপ্ত বিবৃতিতে অ্যালেন গোল্ডস্টেইন বলেছেন, ‘দুর্নীতির সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পদ্মা সেতু নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করলে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পের অর্থায়নে অগ্রসর হবে। বিশ্বব্যাংক ইতিমধ্যে অনুসন্ধানে সহায়তা করার জন্য দুদককে বিস্তারিত তথ্য দিয়েছে। বিশ্বব্যাংক গঠিত আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল তাদের প্রথম সফরে দুদককে তথ্য-উপাত্তের ভিত্তিতে বাংলাদেশের আইন অনুযায়ী নিরপেক্ষ অনুসন্ধানে উৎসাহিত করে। আর আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের দ্বিতীয় সফরে সদস্যরা বিভিন্ন অমীমাংসিত বিষয় তুলে ধরে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে তদন্তের জন্য দুদককে আবারও পরামর্শ দেন। অনুসন্ধান পর্যালোচনা শেষ করে দুদক যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তখন বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলটি একটি নতুন বিবৃতি দেবে।’বিশ্বব্যাংকের এই বিবৃতি গতকাল সকালে প্রকাশ করা হয়। বিবৃতিটি প্রকাশের পরই এ নিয়ে সরকারের বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া জানানো হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই বিবৃতি অগ্রহণযোগ্য ও অন্যায় বলে এর সমালোচনা করেছেন। প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। সংশ্লিষ্ট ব্যক্তিরা গতকাল এ নিয়ে বৈঠকও করেছেন।সরকারের বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দুদকের অনুসন্ধানের গ্রহণযোগ্যতা নিয়ে বিশ্বব্যাংকের কোনো অসন্তোষ নেই। সমস্যাটি তৈরি হয় কাদের বিরুদ্ধে মামলা করা হবে তা নিয়ে। বিশেষ করে দুদকের অনুসন্ধানে ১০ জনের নাম এলেও সরকার এ থেকে দুজনকে বাদ দিতে চাইছে। তাঁরা হলেন: সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। জানা গেছে, বিশ্বব্যাংকের আপত্তি সাবেক যোগাযোগমন্ত্রীর নাম নিয়ে। বিশেষ করে বিশ্বব্যাংক দুর্নীতির ষড়যন্ত্রের সুনির্দিষ্ট প্রমাণ দেওয়ার পরও সৈয়দ আবুল হোসেনকে ছাড় দেওয়ার সুপারিশ গ্রহণ করেনি বিশ্বব্যাংক। মতৈক্য হয়নি মূলত এ নিয়েই।সূত্র জানায়, দুদকের সঙ্গে আলোচনায় বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল বলেছে যে, নির্দিষ্ট কোনো নাম নিয়ে তাদের আপত্তি বা অনাপত্তি নেই। তবে অনুসন্ধানে যাদের নাম আসবে, তাদের সবার বিরুদ্ধেই সমান ব্যবস্থা নিতে হবে। কাউকে বিশেষ বিবেচনায় ছাড় দিলে তা নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে গ্রহণযোগ্য হবে না। বিশেষজ্ঞ দল বাংলাদেশের সঙ্গে এ বিষয়েও একমত হয়েছিল যে, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ীই সবকিছু করা হবে। বিশ্বব্যাংকের এই বিবৃতি নিয়ে গতকাল বিকেলে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, অর্থমন্ত্রী একটি বিবৃতি দেবেন। তবে শেষ পর্যন্ত এই বিবৃতি আর দেওয়া হয়নি। তবে অর্থমন্ত্রী গতকাল সিলেটে এ নিয়ে একটি অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নিয়ে আলোচনা এখনো চলছে। বিশ্বব্যাংকের প্যানেলের সঙ্গে আমার ও দুদকের আলোচনা হয়েছে। তারা কিছু চাইছেও না, বলছেও না। অথচ আলোচনা চলাকালে বিশ্বব্যাংকের ঢাকা অফিস যে বিবৃতি দিয়েছে, তা খুবই অন্যায়। এটা ফোপড় দালালি। আমি পছন্দ করি না।’ এটা আমি পছন্দ করছি না।’গতকাল সকালে এলজিইডি মিলনায়নে এক অনুষ্ঠানে গওহর রিজভী বলেন, ‘জটিল কিছু বিষয় নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা। এটা যদি ব্যর্থ হয় তাহলে আমরা ডুবব। কিন্তু আশা করছি, আমরা একসঙ্গে কাজ করতে পারব।’বিশ্বব্যাংকের বিবৃতি প্রসঙ্গে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান গতকাল সকালে প্রথম আলোকে বলেন, ‘বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে মতৈক্য বা মতানৈক্যের কোনো অবকাশ নেই। তাদের প্রতিনিধিদল আমাদের অনুসন্ধানের প্রতিবেদন পর্যবেক্ষণের জন্য এসেছিল। আমরা তাদের প্রতিবেদনের বর্ণনা দিয়েছি। প্রতিনিধিদল আমাদের প্রতিবেদন দেখে কিছু সুপারিশ করেছে। আমরা তাদের সুপারিশ মাথায় রেখেই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের আইনেই ব্যবস্থা নেব।’জানা গেছে, অনুসন্ধান প্রতিবেদন চূড়ান্ত করতে দুদকের আরও প্রায় ১৫ দিন লেগে যেতে পারে। এর পরই চূড়ান্ত প্রতিবেদন বিশ্বব্যাংকের কাছে পাঠানো হবে। তবে তখনো মূল বিষয় সৈয়দ আবুল হোসেনই থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।