নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। এটি না থাকলে আইন করে নির্বাচন কমিশনকে স্বাধীন ঘোষণা করলে কিছু হবে না। একমাত্র রাজনৈতিক সদিচ্ছাই পারে এ সমস্যার সমাধান দিতে। যা খুশি তা করার মতো স্বাধীনতা কমিশন চায় না।আজ বুধবার মেহেরপুরে নির্বাচন সার্ভার স্টেশন স্থাপনের সম্ভাব্য জায়গা পরিদর্শনকালে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন।প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগের নির্বাচন কমিশনার ঠিকমতো কাজ করতে পারেনি। তাই জনগণ কমিশনের প্রতি কিছুটা হলেও হতাশ হয়ে পড়েছিল। বর্তমান নির্বাচন কমিশন নির্বাচনের প্রতি জনগণের আস্থা পূরণ করতে পেরেছে। যে দুয়েকটি স্থানে নির্বাচনে অঘটন ঘটে, তা ইংল্যান্ড-আমেরিকাতেও হয়। রাজনৈতিক সদিচ্ছা ও জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন সম্ভব।এ সময় মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসেন আলী খোন্দকার, মেহেরপুর পৌর মেয়র মুতাছিম বিল্লাহ, জেলা সিভিল সার্জন আবদুস শহীদ, জেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।