নিরপেক্ষ রেফারি ঠিক করতে সংসদে আসুন: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ ওবায়দুল কাদের বিরোধী দলের উদ্দেশে বলেছেন, ‘ফাইনাল খেলায় নিরপেক্ষ রেফারি এবং খেলার নিয়মাবলি (রুলস অব গেম) ঠিক করতে জাতীয় সংসদে আসুন। এর চেয়ে উত্তম কোনো জায়গা নেই। বাইরে ঝগড়াঝাঁটি না করে সংসদে তর্ক-বিতর্কের মাধ্যমে ফাইনাল ম্যাচের প্রস্তুতি নিন।’আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। ওবায়দুল কাদের দাবি করেন, বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকার পতনের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল তাঁর অপব্যাখ্যা দিয়েছেন। ওবায়দুল কাদের বলেন, ভুল স্বীকার ও সংশোধনের রেওয়াজ আমাদের রাজনীতিতে নেই। তিনি বলেন, ‘আমরা বিরোধী দলকে আশ্বস্ত করতে চাই, রোডমার্চে শান্তিপূর্ণ ও সহনীয় আচরণ করলে সরকারও সহনশীল আচরণ দেখাবে।’ জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া প্রসঙ্গে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সংবিধান, আওয়ামী লীগের ইশতেহার ও তথ্য অধিকার আইনের সঙ্গে সংগতি রেখে পরিশীলিত রূপে খসড়াটি আবার উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। তবে গণমাধ্যমকেও মনে রাখতে হবে, স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক দেশগুলোর নীতিমালা পর্যালোচনা করে এ নীতিমালাটি করার নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান। কাজেই এ নিয়ে অযথা বিতর্কের কোনো প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন।