নিরপেক্ষতা কাজেই প্রমাণ করব: সিইসি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, ‘শপথ গ্রহণ করার পরে আমরা কাজ শুরু করছি। আমরা দেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। সে জন্য অক্লান্ত পরিশ্রম করে যাব। কোনো রকম পক্ষপাতদুষ্ট না হয়ে আমরা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করব। আমাদের নিরপেক্ষতা আমরা কাজের মাধ্যমে প্রমাণ করব।’আজ বৃহস্পতিবার শপথ গ্রহণের পর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছেছেন। পরে সচিবালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সিইসি কাজী রকিব উদ্দিন আহমদ এসব কথা বলেন।সিইসি বলেন, ‘আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। দেশবাসীকে সব কিছু জানিয়েই আমরা কাজ করব।’ নির্বাচন কমিশনের ওপর বিএনপির অনাস্থা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখন কোনো প্রশ্ন নিচ্ছি না। তবে আমরা সম্পূর্ণ স্বচ্ছভাবে নির্বাচন করতে চাই। নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করতে হয়, আমরা তা-ই করব। বিরোধী দলকে আমরা আমাদের সাধ্যমতো ডাকব। তবে ভবিষ্যতে কী হবে তা অনুমান করে এখন কিছুই বলা যাবে না।’এর আগে, শপথ গ্রহণের পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিইসি কাজী রকিব উদ্দিন আহমদ বলেছিলেন, ‘নির্বাচন একটি চলমান প্রক্রিয়া। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন মানুষের মৌলিক অধিকার। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমি এবং আমার সহকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাব।’সিইসি আরও বলেন, ‘আমরা আমাদের কাজের মধ্য দিয়ে দেশবাসী-রাজনৈতিক দল ও নির্বাচন সম্পৃক্তদের সন্তুষ্ট করার চেষ্টা করব। আমরা আশা করি, কাজের মধ্য দিয়েই আমরা সবাইকে তাদের প্রশ্নের উত্তর দিতে পারব।’এ সময় অপর তিন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, মোহাম্মদ আবদুল মোবারক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাভেদ আলী উপস্থিত ছিলেন।

এরআগে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ ও তিনজন নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। আজ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকেল সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত তাঁরা পর্যায়ক্রমে শপথ নেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন কমিশনারদের শপথবাক্য পাঠ করান।দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ পরে শপথ নেবেন।সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমদকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া চার নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল মোবারক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাভেদ আলী এবং সাবেক জেলা ও দায়রা জজ মো. শাহনেওয়াজ। তাঁদের মধ্যে শাহনেওয়াজ ছাড়া বাকি সবাই আজ শপথ নিলেন। অনুসন্ধান কমিটির প্রস্তাবের আলোকে গতকাল দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান এই নিয়োগ দেন। পরে সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সাংবিধানিক পদ হিসেবে সিইসিসহ কমিশনারদের মেয়াদ হবে পাঁচ বছর।