নিরপেক্ষতা প্রমাণে সেনা মোতায়েন করুন: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘ভোটের ফল পাল্টে দেওয়ার জন্য সরকার সিটি নির্বাচনে সেনা মোতায়েন করতে চায় না। আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, কোনো দুরভিসন্ধি না থাকে, তাহলে এখনো সময় আছে, আপনাদের সততা ও নিরপেক্ষতা প্রমাণের জন্য সেনা মোতায়েন করুন।’আজ শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। ‘চার সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি ও নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে সংগঠন বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল।ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আগামীকালের নির্বাচনে ফলাফল কী হবে, জানি না। তবে জনগণ যদি ভোটের অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তাহলে ফলাফল সরকার-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে যাবে। জনগণ বর্তমান সরকারের প্রতি অনাস্থা জানাবে। এই ফলাফল আন্দোলনকে আরও জোরদার করবে।’ তিনি বলেন, ‘চারটি সিটি করপোরেশন নির্বাচন এই সরকার ও নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা। আগামীকাল তাদের সেই পরীক্ষা হবে।’‘নির্বাচন কমিশন দন্তহীন ও ঠুঁটো জগন্নাথ’ মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন বলেছিল, নির্বাচনী এলাকায় সরকারের কোনো মন্ত্রী প্রচার চালাতে পারবেন না ও প্রচারকাজে সরকারি গাড়ি ব্যবহার করা যাবে না। অথচ এসব ঘটনা ঘটেছে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি। এতেই বোঝা যায়, তাদের ক্ষমতা কতটুকু।এ নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার যৌক্তিকতা তুলে ধরে মওদুদ আহমদ বলেন, ‘এ বছর হলো সরকারের শেষ বছর। আগামী ছয় মাসের মধ্যে সরকারের সময় শেষ হবে। তাই চলমান সরকারবিরোধী আন্দোলন গতিশীল করতে আমরা এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচন এক নয়। স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচনের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। জাতীয় নির্বাচন নির্দলীয় সরকার ছাড়া হবে না, হতে দেওয়া হবে না।’সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ।