নিরল প্রিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় প্রজাতির প্রিনা পাখির বাস বাংলাদেশে। আর এদের সবারই বিচরণ নদীতীরের নল, ঘাস বা ছনের বন, বৃক্ষতলের গুল্মবন এবং হাওরের ঘাসঝোপ বা ঢোলকলমির বনে। নিরল প্রিনা ছোট আকৃতির মিষ্টি কণ্ঠের গায়ক পাখি। ঘাস-ছনের বন আর আকাশে উড়ে গান করে। ২০০৯, ২০১০ ও ২০১১ সালে মাদারীপুর, মুন্সিগঞ্জ এলাকাসংলগ্ন পদ্মার বিভিন্ন চরে (নেপালচর, ভাবিরচর, লৌহজংচর, মাঝেরচর, চর শিমুলিয়া) নিরল প্রিনা দেখা গেছে হাজার খানেক। চরের বাসিন্দা প্রিনারা ঘাসবনে বাসা তৈরি করে। তবে বাসা খুঁজে পাওয়া খুবই কঠিন। গত বছরের জুলাই মাসে চারটি ছানাসহ একটি বাসা দেখা গিয়েছিল লৌহজংচরে।এসব চর এলাকায় শীত কিংবা বর্ষায় গেলেই এ পাখির ডাক শোনা যায়। আপনি যদি বাসার কাছাকাছি থাকেন, তাহলে প্রিনা পাখি অন্যত্র সরে গিয়ে ডাকতে থাকবে। আপনাকে অন্য পথে নিয়ে যাবে। মাঝেমধ্যে চরের ভেতর দিয়ে হাঁটার সময় পায়ের নিচেও পড়তে পারে প্রিনা। কারণ, এরা খাবার খেতে ঘন ঘন মাটিতে নামে। ২০০৯ সালে কেওরাকান্দি এলাকায় গবেষণাকাজে গেলে নৌকার মাঝির পায়ের নিচে পড়ে একটি নিরল প্রিনা। সেটিকে উদ্ধার করে চরের বনে ছেড়ে দিয়েছিলাম।দেশের সব অঞ্চলেই নদীতীরের ঘাসবনে পাখিটি দেখা যায়। ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, চীন, তাইওয়ান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মিয়ানমার, থাইল্যান্ড ও লাওসে এর বিস্তৃতি রয়েছে। প্রিনার ইংরেজি নাম Plain Prinia। বৈজ্ঞানিক নাম prinia inornata। নিরল প্রিনার গায়ের রং মেটে বাদামি। তবে শীত ও গ্রীষ্ম মৌসুমে পালকের রং বদলায়। শরীরের দৈর্ঘ্য ১৭ সেন্টিমিটার। ওজন মাত্র সাত গ্রাম। প্রধানত জোড়ায় জোড়ায় চলে। প্রজনন সময়ে কাছাকাছি অনেক পাখি দেখা যায়। পিঁপড়া, মাকড়সা, শুঁয়োপোকা, গুবরেপোকা ও ফুলের মধু প্রিনার প্রধান খাবার। শুকনো ঘাস ও পাতা দিয়ে কিছুটা মাটির কলসের আকৃতির বাসা বানায়। বাসার এক প্রান্তে একটি পথ থাকে আসা-যাওয়ার জন্য। পাখিটি তিন থেকে পাঁচটি ডিম দেয়। ডিম ধূসর-সবুজ। চরের বন এ দেশের অনেক পাখি ও বন্য প্রাণীর আবাসভূমি। জনসংখ্যার চাপে এ বন ক্রমেই কমে যাচ্ছে। পাখিসহ বন্য প্রাণীর জন্য দেশের কিছু চর এলাকাকেও অভয়াশ্রম ঘোষণা করার সময় এখনি।