নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা আরও জোরদারের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রসচিব পর্যায়ে চতুর্দশ বৈঠক গতকাল সোমবার শেষ হয়েছে। এক যৌথ বিবৃতিতে স্বাক্ষরের মধ্য দিয়ে নয়াদিল্লিতে চার দিনের এ বৈঠক শেষ হয়। বিবৃতিতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রকে আরও দৃঢ় এবং নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করা হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব সি কিউ এম মুস্তাক আহমেদ এক প্রশ্নের উত্তরে বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের খুঁজে বের করার বিষয়ে ভারত সচেষ্ট হওয়ার যে আশ্বাস দিয়েছে, তা ফলপ্রসূ হবে বলে তাঁর বিশ্বাস। এদিকে ভারত দেশটির অপরাধীদের যে তালিকা বাংলাদেশকে দিয়েছে, সে অনুযায়ী অপরাধীদের খুঁজে নয়াদিল্লির হাতে তুলে দিতে যথাসাধ্য চেষ্টা করবে বাংলাদেশও। মুস্তাক আহমেদ অবশ্য উলফার নেতা অনুপ চেটিয়ার প্রত্যর্পণ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা দিতে পারেননি। তিনি বলেন, ‘প্রত্যর্পণের কাজ চলছে। কত শিগগির তাঁকে তুলে দেওয়া সম্ভব হবে, তা জানাতে পারব না। কোনো টাইমফ্রেম দিতে পারব না। এটা বলতে পারি, এ ক্ষেত্রে কোনো দেওয়া-নেওয়ার ব্যাপার নেই।’ওদিকে তিন পৃষ্ঠার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীদের সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ হয়েছে। এ সম্পর্ক আরও দৃঢ় করতে দুই দেশই অঙ্গীকারবদ্ধ। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও ভারত কেউই তাদের জমি অন্যের দেশবিরোধী কাজে ব্যবহার হতে দেবে না। এ জন্য টহলদারিসহ সুসংহত সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তার ওপর জোর দেওয়া হবে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া ও পশ্চিম ত্রিপুরায় ডিসি-ডিএমদের যে সম্মেলন হয়েছে, তার উল্লেখ করে বলা হয়, স্থানীয় সমস্যার দ্রুত সমাধানে এ ধরনের বৈঠক নিয়মিতভাবে আয়োজনে উভয় দেশ রাজি হয়েছে। মাদক চোরাচালানকে দুই দেশের জন্যই বড় সমস্যা হিসেবে উল্লেখ করা হয় বিবৃতিতে। ভারত ফেনসিডিলের চোরাচালান রুখতে এনডিপিএস আইন বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে। বন্দিবিনিময় বিষয়টিও বিবৃতিতে রাখা হয়। চার দিনের ওই বৈঠকে বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে সীমান্ত চুক্তির অনুমোদন বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।