নিরাপত্তা চাইলেন শাহরিয়ার কবির
সংবাদ সম্মেলন করে নিজের ও আইনজীবীর নিরাপত্তা চাইলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। আজ বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।সংবিধান নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে শাহরিয়ার কবিরের করা রিটের শুনানিকালে গতকাল মঙ্গলবার হাইকোর্টে চরম হইচই ও হট্টগোল হয়। এর পরিপ্রেক্ষিতে আজ তিনি এ সংবাদ সম্মেলন করেন।শাহরিয়ার কবির বলেন, ‘আদালতে কোনো বিষয় নিয়ে আপত্তি জানানোর অনেক পদ্ধতি আছে। যাঁদের (আইনজীবী) আদালতের সম্মান রক্ষার কথা, তাঁদের একাংশ গতকাল আদালতে যা করেছেন তা কল্পনাতীত। তাঁরা হাতাহাতি ও গালাগাল করে দেশকে হেয় করেছেন। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’ তিনি তাঁর ও তাঁর আইনজীবীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান। সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম বলেন, এসব ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কিত করে দেশকে অস্থিতিশীল করাই এঁদের উদ্দেশ্য বলে তিনি মন্তব্য করেন।সংবাদ সম্মেলনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা কবির চৌধুরী, কামাল লোহানী, গোলাম রব্বানী, তুরিন আফরোজ, ফেরদৌসী প্রিয়ভাষিণী প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, আদালত মানুষের শেষ আশ্রয়স্থল। এটাকে বিতর্কিত করা ঠিক না। তাঁদের বক্তব্য, আদালতে গতকাল শুনানি চলাকালে আইনজীবীরা যা করেছেন তা নজিরবিহীন। পৃথিবীর কোথাও এমনটা কখনো হয়নি।প্রসঙ্গত, মুফতি আমিনী গত ১৪ জুলাই লালবাগের জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসায় আয়োজিত সংগঠনের এক আলোচনা সভায় ‘সংশোধিত সংবিধানকে ডাস্টবিনে ছুড়ে ফেলতে হবে’ বলে বক্তব্য দেন। ওই ঘটনায় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ২০ জুলাই রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত গতকাল তাঁকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেন। তিনি ব্যাখ্যা দিতে আদালতে হাজির হলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।