নিরাপত্তা চেয়ে থানায় লিমনের আবেদন
র্যাবের গুলিতে এক পা হারানো লিমন হোসেন তার নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে ঝালকাঠির রাজাপুর থানায় আবেদন করেছে। গত সোমবার ঈদের দিন লিমন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় আজ বুধবার দুপুরে এ আবেদন করা হয়। জীবনের নিরাপত্তার জন্য হুমকি—এমন দাবি করে লিমন চারজনের নাম উল্লেখ করে। তাঁরা হলেন, র্যাবের সোর্স ও লিমনের নামে দায়ের করা অস্ত্র মামলার ১৭ নম্বর সাক্ষী ইব্রাহীম হাওলাদার, র্যাবের সোর্স মানিক জমাদ্দার ও বাদশাহ আকন্দ এবং নুরুল আলম। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, লিমন ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাল্টাপাল্টি মামলালিমন হোসেনের ওপর হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে রাজাপুর থানায় দুটি পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।লিমন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগে ইব্রাহীম হাওলাদারের বিরুদ্ধে লিমনের মা হেনোয়ারা বেগম একটি জিডি করেন। লিমন ও তার পরিবারের বিরুদ্ধে একই ধরনের পাল্টা অভিযোগ এনে জিডি করেন ইব্রাহীম হাওলাদারের স্ত্রী লিলি বেগম। এ ছাড়া ইব্রাহীম হাওলাদারের শ্যালক ফোরকান হাওলাদারের মৃত্যুর কারণ উদঘাটনের দাবিতে একই থানায় অপমৃত্যু মামলা হয়েছে।রাজাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল প্রথম আলো ডটকমকে বলেন, লিমন, তার ভাই সুমন ও মায়ের ওপর হামলার অভিযোগে ইব্রাহীম হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন লিমনের মা হেনোয়ারা বেগম। অভিযোগটি ২০ আগস্ট জিডি হিসেবে লিপিবদ্ধ করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, লিমন ও তার পরিবারের সদস্যরা গত সোমবার ঈদের দিন বিকেলে রাজাপুর উপজেলার সাতুরিয়ায় গ্রামের বাড়িতে ঈদ পালন শেষে পিরোজপুরের কাউখালী উপজেলায় ফিরছিলেন। পথে রাজাপুরের ইঁদুরবাড়ি সেতুর কাছে র্যাবের সোর্স হিসেবে পরিচিত ইব্রাহীম হাওলাদার ও তাঁর লোকজন তাঁদের ওপর হামলা চালায়।রাজাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল প্রথম আলো ডটকমকে বলেন, লিমন, তার ভাই, মা ও চার খালা ইব্রাহীম হাওলাদারের ওপর হামলা করেছেন—এমন অভিযোগ এনে তাঁর স্ত্রী লিলি বেগম একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগ একই তারিখে জিডি হিসেবে লিপিবদ্ধ করা হয়। এদিকে ইব্রাহীম ও লিমনের পরিবারের মধ্যে মারামারি হচ্ছে—এমন খবর শুনে গত সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সাতুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন ইব্রাহীম হাওলাদারের শ্যালক ফোরকান হাওলাদার (৩৬)। পথে সাতুরিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে তিনি অসুস্থ হয়ে পড়েন। পাশে এক আত্মীয়ের বাড়িতে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। ফোরকানের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের দাবি জানিয়ে তাঁর বোন (ইব্রাহীমের স্ত্রী লিলি বেগম) গতকাল রাজাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। রাজাপুর থানার পুলিশ অভিযোগটি অপমৃত্যু মামলা হিসেবে লিপিবদ্ধ করে এবং ময়নাতদন্তের জন্য ফোরকানের লাশ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন পাল্টাপাল্টি দুটি জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজন উপপরিদর্শককে (এসআই) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ দুটি ‘অধর্তব্য’ অপরাধের অন্তর্ভুক্ত হওয়ায় ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তদন্ত শুরু করতে হবে।