সরকারের প্রতি হাইকোর্ট
নিরাপত্তা ছাড়পত্র ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ কার্যাদেশ কেন অবৈধ নয়
বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) ছাড়পত্র ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে ও আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে পরিচ্ছন্নতাকর্মী ও গৃহ রক্ষণাবেক্ষণার জন্য কর্মী নিয়োগের কার্যাদেশ কেন অবৈধ ও স্বেচ্ছাচারী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত সরকারকে বিষয়টি তদন্ত ও অনুসন্ধান করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ নির্দেশ দেন। ঠিকাদারি প্রতিষ্ঠান এ কে ট্রেডার্সের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। একই সঙ্গে আদালত ১০ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানির পরবর্তী দিন ধার্য করেন।রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী এম আমিরুল ইসলাম এবং সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম মামলাটি পরিচালনা করেন।এর আগে ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ও আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে পরিচ্ছন্নতাকর্মী ও গৃহ রক্ষণাবেক্ষণের কর্মী এসএসএফের অনুমতি ছাড়া অজ্ঞাতনামা দুটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী।পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে এ কে ট্রেডার্সের পক্ষে ২৫ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটের শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।