কঠোর নিরাপত্তার মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সোমবার চট্টগ্রামে আসছেন। তিনি বিকেলে নগরের লালদীঘি ময়দানে দলের বিভাগীয় মহাসমাবেশে বক্তৃতা করবেন। দলীয় কোন্দলের কারণে মহাসমাবেশ ঘিরে এক সপ্তাহ ধরে আলাদা প্রচারণা চালিয়েছেন আবদুল্লাহ আল নোমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। মহাসমাবেশে অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে লালদীঘি ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে। মোতায়েন করা হবে প্রায় ৫০০ পুলিশ ও দুই প্লাটুন দাঙ্গা পুলিশ (এপিবিএন)। তবে গতকাল রোববার বিকেলে নগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, দলের মধ্যে কোনো কোন্দল নেই। জানা গেছে, গত ১৬ নভেম্বর নগর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি নোমান ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে সম্মেলন পণ্ড হয়। এরপর দুই নেতার মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ফলে মহাসমাবেশ ঘিরে বিএনপির দুই পক্ষ আলাদা প্রচারণা চালায়। নগর বিএনপির উদ্যোগে ১৯ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়। এতে নগর বিএনপির নোমানের অনুসারীদের দেখা যায়নি।মহাসমাবেশের পোস্টারও করা হয় আলাদা। একটি পোস্টারে নগর সভাপতি হিসেবে আমীর খসরুর নাম দেওয়া হয়। কেন্দ্র থেকে প্রচারিত বলে এই পোস্টারে উল্লেখ আছে। অন্য পোস্টারটি ছাড়া হয়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের নামে। এতে সভাপতির নাম দেওয়া হয়নি। গত শুক্র ও শনিবার পর পর দুই দিন প্রচারণা চলাকালে দেওয়ানহাট মোড়ে নোমান ও আমীর খসরুর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। আবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপিও আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছে মহাসমাবেশের। ২২ মার্চ দলের দক্ষিণ জেলা কার্যালয় দোস্ত ভবনে আলাদা প্রস্তুতি সভা করে তারা। এ সময় এক পক্ষের নেতা-কর্মীরা সাতকানিয়ার ইউনিয়ন পর্যায়ের নেতা রমজানকে লাঞ্ছিত করেন।সংবাদ সম্মেলন: খালেদার মহাসমাবেশ উপলক্ষে গতকাল নগরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে খন্দকার মোশাররফ বিরোধীদলীয় নেত্রীর যথাযথ রাষ্ট্রাচার দাবি করেন। তিনি দাবি করেন, ‘চট্টগ্রামে বিএনপিতে কোনো বিভক্তি নেই। কিছু পত্রিকা বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করছে। কারণ, যাঁদের নামে বিভক্তি ছড়ানো হচ্ছে, তাঁরা সবাই আজ সংবাদ সম্মেলনে সামনের সারিতে বসে আছেন।’ সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের দুই উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, আমানউল্লাহ, বরকত উল্লা, গোলাম আকবর খোন্দকার, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, শহীদউদ্দিন চৌধুরী, সৈয়দ ওয়াহিদুল আলম উপস্থিত ছিলেন। নিরাপত্তা জোরদার: মহাসমাবেশ ঘিরে নগর পুলিশ নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। সমাবেশে খালেদা জিয়া ছাড়াও বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বক্তৃতা করার কথা। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে মঞ্চ ও মাঠে সংঘাতের আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তৃতীয় কোনো শক্তি সুযোগ নিতে পারে বলেও আশঙ্কা তাদের। নাম প্রকাশে অনিচ্ছুক নগর পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, বিরোধীদলীয় নেত্রীর নিরাপত্তা ও মহাসমাবেশে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্য ৫০০ পুলিশ মাঠ ও আশপাশে মোতায়েন থাকবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হবে আরও ১০০ পুলিশ। এদের সঙ্গে দায়িত্ব পালন করবে দুই প্লাটুন দাঙ্গা পুলিশ। ওই কর্মকর্তা বলেন, দলীয় কোন্দলের সুযোগে তৃতীয় কোনো শক্তি যাতে নাশকতার সুযোগ না পায়, সে জন্য এই ব্যবস্থা। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার বলেন, ‘আমাদের সামান্য ঘটনাকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। এসব ভুল বোঝাবুঝি থেকে তৃতীয় কোনো শক্তি যেন ফায়দা লুটতে না পারে, সেটা আমরাও মাথায় রেখে কাজ করছি।’