নিরাপত্তা নিয়ে আশঙ্কায় আফগান নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান থেকে ২০১৪ সালে বিদেশি সেনা প্রত্যাহার নিয়ে দেশটির নারী ব্যবসায়ীরা শঙ্কা প্রকাশ করেছেন। এ কারণে তাঁরা তাঁদের অধিকার, নিরাপত্তা ও ব্যবসা-বাণিজ্যের পরিবেশ হারাবেন বলেও উদ্বেগ প্রকাশ করেছেন। আফগানিস্তানে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে গতকাল সোমবার সাক্ষাত্ করে এ আশঙ্কার কথা জানায় দেশটির নারী ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল।বার্তা সংস্থা রয়টার্স জানায়, নারীর অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুত, তা জানাতেই জন কেরি কাবুলে মার্কিন দূতাবাসে এই নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রায় এক ঘণ্টা সময় কাটান। বৈঠকে অংশ নেওয়া নারীদের মধ্যে যেমন ছিলেন সফটওয়্যার কোম্পানির কর্ণধার, তেমনি ছিলেন জুতার নকশা ও উত্পাদনকারী এবং কাপড় ও সবজির ব্যবসায়ী।আফগানিস্তানে কর্মজীবী নারীদের প্রায়ই কট্টর রক্ষণশীল সমাজের রোষের মুখে পড়তে হয়। ২০০১ সালে আফগানিস্তান থেকে তালেবান উত্খাত হলেও দেশটিতে নারীদের জীবন আগের মতোই অনিশ্চিত। ২০১৪ সালে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার এবং ওই বছরই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা থাকায় নারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যে বাধাগ্রস্ত হতে পারে বলেও মনে করছেন তাঁরা।হাসিনা সৈয়দ নামের এক ট্রাক ব্যবসায়ী রয়টার্সকে বলেন, সরকার দেশের নিরাপত্তা দিতে পারবে না। এটা সবাই জানে। তিনি বলেন, তাঁর নিজের ২০০ ও সাব-কন্ট্রাক্টে থাকা ৩০০ ট্রাকের নিরাপদে চলাচলের জন্য তাঁর আয়ের ৩২-৩৫ শতাংশ ব্যয় করতে হয়। তিনি বলেন, ‘আমি আফগানিস্তানে থাকতে চাই।’আফগানিস্তানে মেয়েদের ফুটবল দলের ক্যাপ্টেন জাহারা মাহমোদি জন কেরিকে মেয়েদের ফুটবল খেলার জন্য একটি স্টেডিয়াম তৈরিতে সাহায্য করার আহ্বান জানান। জন কেরির সঙ্গে বৈঠক শেষে জাহারা রয়টার্সকে বলেন, ২০১৪ সালের পর আবার তালেবানরা ফেরত আসতে পারে বলে তিনি ভয় পাচ্ছেন। তিনি বলেন, ‘সত্যি আমি ভয় পাচ্ছি। কিন্তু এটি নিয়ে আমি ভাবতে চাই না। যদি তালেবানরা ফেরত আসে তাহলে এখানে মানবাধিকার বলে কিছু থাকবে না। আর এটি হবে অতীতের চেয়েও খারাপ।’