নিরাপত্তা নিয়ে চুক্তি করতে চায় না ওয়ালমার্ট
বাংলাদেশের পোশাক কারখানায় অগ্নি ও ভবন নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের চুক্তির পরিকল্পনা নেই বলে জানিয়েছে বিশ্বের অন্যতম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট। তবে কারখানা পরিদর্শন করবে প্রতিষ্ঠানটি।গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পোশাক কারখানায় আর কোনো বিপর্যয় যাতে না ঘটে, এ জন্য আলাদা চুক্তির জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। এ ধরনের চুক্তির বিপক্ষে ওয়ালমার্ট। প্রতিষ্ঠানটি বলছে, বাংলাদেশের যেসব কারখানা থেকে তারা পোশাক কেনে, ওই সব কারখানা নিজেরা পরিদর্শন করবে। তারা মনে করে, নিজস্ব পরিদর্শনব্যবস্থা দ্রুত ফল দেবে।গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন এই খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি বলেছে, ‘ওয়ালমার্ট তাদের নিজস্ব নিরাপত্তা পরিকল্পনায় বিশ্বাস করে। এতে দ্রুততম সময়ে ফল মেলে।’বাংলাদেশের ২৭৯টি কারখানা থেকে পোশাক কেনে ওয়ালমার্ট। কারখানাগুলোতে ইতিমধ্যে পরিদর্শন শুরু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে সব কারখানা পরিদর্শনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত দুটি স্থানে কারখানার নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি পেয়েছে তারা। ত্রুটিপূর্ণ কারখানাগুলোর উত্পাদন সাময়িকভাবে বন্ধের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওয়ালমার্ট।সম্প্রতি সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে। ভবনটিতে পাঁচটি পোশাক কারখানা ছিল। ওই ঘটনার পর বাংলাদেশের পোশাক কারকানাগুলোর নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। বাংলাদেশে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে পোশাক কারখানায় আগুন ও ভবন নিরাপত্তায় উত্তর আমেরিকা ও ইউরোপের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো একটি আলাদা চুক্তির কথা বলছে। দুই মহাদেশের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো এ চুক্তিতে অংশ নিতে রাজি আছে কি না, সে বিষয়ে আজ বুধবারের মধ্যে মতামত জানাতে হবে।এদিকে উত্তর আমেরিকার খুচরা বিক্রেতারা ওই অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর জন্য ভিন্ন একটি চুক্তির বিষয়ে আলোচনা করছেন। তবে এ বিষয়ে স্পষ্ট করে তাঁরা এখনো কিছু জানাননি।চুক্তি নিয়ে ইউরোপ ও আমেরিকার খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মতভেদ থাকলেও বাংলাদেশের পোশাক কারখানার পরিবেশ উন্নয়নে সব পক্ষ কাজ করতে আগ্রহী বলে খবরে জানানো হয়।