নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত স্মার্ট কারখানা বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিনির্বাপণ-ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুরের স্মার্ট এক্সপোর্ট লিমিটেডের পোশাক কারখানাটি বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই পর্যন্ত কারখানার কর্তৃপক্ষকে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা চালিয়ে যেতেও বলেছেন আদালত। আজ বুধবার বিকেলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত একই সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় আসামিদের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি অনুসারে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। শুনানি নিয়ে আদালত রুলও জারি করেন। রুলে আসামিদের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি অনুসারে কেন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না এবং অগ্নিনির্বাপণ-ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত কারখানাটি কেন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। শ্রমসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা জেলা প্রশাসকসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। অগ্নিকাণ্ডে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় স্মার্ট এক্সপোর্টের মালিকদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে গতকাল মঙ্গলবার ফৌজদারি কার্যবিধিতে হাইকোর্টে এ-সংক্রান্ত আবেদনটি করা হয়।