নিরাপত্তা নিশ্চয়তায় ক্ষমতা ছাড়তে রাজি গাদ্দাফি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি নিরাপত্তা নিশ্চয়তার শর্তে ক্ষমতা ছাড়তে রাজি আছেন বলে রাশিয়ার একটি পত্রিকা আজ মঙ্গলবার খবর বেরিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ওই পত্রিকার খবরের বরাত দিয়ে এ কথা জানিয়েছে।রয়টার্সের খবরে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক রাশিয়ার উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিক কোমারসেন্ট পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে কর্নেল (গাদ্দাফি) ক্ষমতা ছেড়ে দিতে প্রস্তুত আছেন বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।’লিবিয়া যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার উদ্যোগে ন্যাটোর মহাসচিব এন্ডারস ফগ রামুসেন ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টে জ্যাকব জুমার সঙ্গে আলোচনার এক দিন পর এ প্রতিবেদন প্রকাশিত হলো। রয়টার্স জানিয়েছে, দৈনিক কোমারসেন্ট পত্রিকার প্রতিবেদনে রাশিয়ার উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়েছে, ফ্রান্সসহ অন্যান্য রাষ্ট্র গাদ্দাফিকে নিরাপত্তা দিতে সম্মত আছে। খবরে বলা হয়েছে, গাদ্দাফি চান, ক্ষমতা ত্যাগের পর তাঁর ছেলে সাইফ আল ইসলামকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিতে হবে। তবে বিদ্রোহীরা এ শর্তে সম্মত নয়।