শুধু প্রকাশিত খবর অনুযায়ী, ভবন নির্মাণের সময় দুর্ঘটনায় এ বছরের প্রথম চার মাসে দেশে ৫৯ জন নির্মাণশ্রমিক প্রাণ হারিয়েছেন। মৃত্যুর হার প্রায় প্রতি দুই দিনে একজন করে। আর ২০০৭ থেকে ২০১০—এই চার বছরে কর্মক্ষেত্রে এক হাজার ১৯০ জন শ্রমিক মারা গেছেন, যার প্রায় ৪০ শতাংশই নির্মাণক্ষেত্রে। প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থার অভাবই এসব প্রাণহানির প্রধান কারণ।কর্মক্ষেত্রের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে গবেষণাকারী বেসরকারি প্রতিষ্ঠান সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি (এসআরএস) দেশের ১৭টি জাতীয় ও ১১টি আঞ্চলিক দৈনিক সংবাদপত্র নিয়মিত পর্যবেক্ষণ করে এ পরিসংখ্যান করেছে।তবে নির্মাণক্ষেত্রে প্রকৃত মৃত্যুর হার আরও বেশি বলে দাবি করেছেন এসআরএসের কর্মসূচি পরিচালক সেকান্দার আলী। তিনি প্রথম আলোকে বলেন, ‘অনেক মৃত্যুর ঘটনাই পত্রপত্রিকায় পাওয়া যায় না।’এসআরএসের তথ্যমতে, নির্মাণক্ষেত্রে মৃত্যুর বেশির ভাগ ঘটে রাজধানীতে। এই প্রতিষ্ঠানের একটি গবেষণা অনুসারে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং ওপর থেকে পড়ে সবচেয়ে বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কেন প্রাণহানি: নির্মাণস্থলে কর্মরতদের নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ে এসআরএসের ২০০৯ সালের একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়, নির্মাণশ্রমিকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় প্রাণহানি ঘটছে।বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিল্স) ২০০৭ সালের এক গবেষণা অনুসারে, ত্রুটিপূর্ণ ও অরক্ষিত বিদ্যুতের লাইন, দুর্বল নিরাপত্তা মাচা, ঝুলে ঝুলে কাজ করা, পর্যাপ্ত দুর্ঘটনা প্রতিরোধমূলক ব্যবস্থার অভাব—এসব কারণে নির্মাণক্ষেত্রে দুর্ঘটনা তথা প্রাণহানির ঘটনা ঘটে। দুটি গবেষণা প্রতিবেদনেই বলা হয়, শ্রমিকদের জন্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি), ২০০৬ অনুসারে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।সম্প্রতি রাজধানীর বিভিন্ন নির্মাণস্থল ঘুরে নিরাপত্তাব্যবস্থার বিষয়ে অবহেলার চিত্র চোখে পড়ে। বিজয়নগর পানির ট্যাংকের পাশে একটি ১৬তলা আবাসিক ভবনের নির্মাণস্থলে গিয়ে দেখা যায়, ভবনের এক পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মূল সংযোগে কোনো সুরক্ষা আবরণ নেই।মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের পেছনে একটি ছয়তলা বাড়ির নির্মাণস্থলেও একই অবস্থা দেখা যায়। সেখানে নির্মাণ প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, বিদ্যুতের লাইন প্লাস্টিকের পাইপ দিয়ে ঢেকে দেওয়ার নিয়ম থাকলেও খরচ বেশি হয় বলে কোম্পানি এ কাজ করেনি।মোহাম্মদপুরের দুটি নির্মাণাধীন ভবনের বাইরের দেয়ালে কাজ করার জন্য নিরাপত্তামূলক মাচা দেখা যায়নি। এসব জায়গায় শুধু বাঁশের তৈরি ভারায় উঠে কাজ করছিলেন শ্রমিকেরা।এসআরএসের ২০০৯ সালের গবেষণা প্রতিবেদন অনুসারে, মাত্র চার শতাংশ নির্মাণশ্রমিক কাজের সময় মাথায় হেলমেট এবং তিন শতাংশ বুট ব্যবহার করেন। ৯৪ শতাংশ শ্রমিকই মনে করেন, তাঁদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই।সম্প্রতি রাজধানীর কয়েকটি নির্মাণস্থল ঘুরে একটিতেও শ্রমিকদের মাথায় হেলমেট দেখেননি এ প্রতিবেদক। অধিকাংশ শ্রমিক খালি পায়ে কাজ করছিলেন। কারও হাতে দস্তানা ছিল না।তেজগাঁওয়ের একটি নির্মাণস্থলে তিন মাস ধরে রাজমিস্ত্রির কাজ করছেন আবদুল বাকের (২৮)। শারীরিক সুরক্ষার কিছু ব্যবহার করছেন না কেন জানতে চাইলে তিনি বলেন, ‘কোম্পানি থেকে হেলমেট বা বেল্ট কিছুই দেয় না। এ জন্য পরি না।’আট বছর ধরে রাজমিস্ত্রির কাজ করছেন আলী হোসেন (৩৫)। তিনিও বললেন, ‘কাজের সময় সুরক্ষা পোশাক ব্যবহারের নিয়ম জানি। কিন্তু আজ পর্যন্ত কোনো কোম্পানি এসব দেয়নি। দু-একটা কোম্পানি বেল্ট দেয়, বেশির ভাগই দেয় না।’ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের (ইনসাব) সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, শ্রমিকদের সুরক্ষা পোশাক ও সরঞ্জামগুলো খুব একটা ব্যয়বহুল নয়। তারপরও নির্মাতা প্রতিষ্ঠানগুলো এগুলো দেয় না। এ ক্ষেত্রে নির্মাতা প্রতিষ্ঠান ও ভবন মালিকদের সদিচ্ছার অভাব রয়েছে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক এ এম এম সফিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘নিয়ম না মানলে মালিক, ঠিকাদার ও শ্রমিক—তিন পক্ষের বিরুদ্ধেই জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’ অধ্যাপক সফিউল্লাহ মনে করেন, বিএনবিসি অনুসারে নিরাপত্তার ব্যবস্থা তদারকির জন্য পৃথক সংস্থা জরুরি।নেই তদারকি সংস্থা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০০৫-০৬ সালের পরিসংখ্যান অনুযায়ী, নির্মাণ খাতে দেশে প্রায় ১৫ লাখ ২৫ হাজার শ্রমিক নিয়োজিত। এ খাতে বিপুল কর্মসংস্থান হলেও এবং নির্মাণ খাত প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোর একটি হিসেবে পরিণত হলেও এর প্রাণ শ্রমিকদের কল্যাণে সরকার ও বেসরকারি উভয়পক্ষের উদাসীনতা প্রকট।ন্যাশনাল বিল্ডিং কোডের দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে, এই বিধান কার্যকর করার জন্য সরকার একটি সংস্থা গঠন করবে অথবা কোনো পূর্বগঠিত সংস্থাকে দায়িত্ব দেবে। কিন্তু সরকার এখনো এ ধরনের কোনো সংস্থা গঠন না করায় বিএনবিসি বাস্তবায়ন নিশ্চিত করার কোনো কর্তৃপক্ষ নেই।২০০৭ সালে র্যাংগস ভবন ভাঙার সময় দুর্ঘটনায় ১১ শ্রমিকের মৃত্যু হলে এসআরএস ও কয়েকটি মানবাধিকার সংগঠন হাইকোর্টে একটি রিট আবেদন করে। গত বছরের ১৩ অক্টোবর হাইকোর্ট রায় দেন। এ বিষয়ে জানতে চাইলে এসআরএসের আইনজীবী তানিম হোসেন প্রথম আলোকে বলেন, হাইকোর্ট নির্মাণস্থলে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি তদারকির জন্য সরকারকে এক বছরের মধ্যে ‘বিএনবিসি এনফোর্সমেন্ট অথরিটি’ নামে একটি পৃথক সংস্থা গঠনের নির্দেশনা দেন। কিন্তু নয় মাস চলে গেলেও এখনো এ ব্যাপারে দৃশ্যমান অগ্রগতি নেই। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. নুরুল হুদা প্রথম আলোকে বলেন, বিএনবিসি অনুসারে শ্রমিকদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্ব নির্মাতা বা ঠিকাদারের। এটি তদারকি করার জন্য রাজউকের কোনো দল নেই। জনবল-সংকটের কারণে রাজউক তা করতে পারছে না।