নিরাপত্তা পরিষদ কারও উপকারে আসছে না: ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত বলেছে, বিশ্ববাস্তবতার সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো ‘একেবারে সামঞ্জস্যপূর্ণ নয়’ এবং সংস্থাটি কারও কাজেই আসছে না। পিটিআইয়ের বরাত দিয়ে ‘দ্য হিন্দু’র খবরে আজ শনিবার বলা হয়, এই সংস্থার স্থায়ী সদস্যদের তালিকায় এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্বকারী দেশগুলো অন্তর্ভুক্ত করে সদস্যসংখ্যা ১৫ করা দরকার বলেও মনে করে ভারত।ভারত এ মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের ভার নিয়েছে এবং আসছে ডিসেম্বরে এই সংস্থায় তার অস্থায়ী সদস্যপদের মেয়াদ শেষ হবে। পারমাণবিক শক্তির অধিকারী ভারত দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদের সংস্কার চেয়ে আসছে। ভারত বলেছে, সিরিয়ার মতো অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে নিরাপত্তা পরিষদে মতবিরোধ আছে এবং এ কারণে এর সংস্কারও জরুরি হয়ে পড়েছে।নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী হরদীপ সিং পুরি বলেন, ‘বর্তমান কাঠামোর নিরাপত্তা পরিষদের কাজে সমকালীন বাস্তবতার প্রতিফলন ঘটে না। বিশ্বজুড়ে যা ঘটছে, তার সঙ্গে এটি একেবারে অসামঞ্জস্যপূর্ণ।’ নিরাপত্তা পরিষদের মাসিক আলোচ্যসূচির বিষয়ে গতকাল শুক্রবার সাংবাদিকদের সাক্ষাত্কার দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। পুরি বলেন, ‘নিরাপত্তা পরিষদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে এর পরিধি বাড়ানো প্রয়োজন। ভারতের মত হলো, নিরাপত্তা পরিষদের কাজে আরও স্বচ্ছতা আনা দরকার।’ তিনি বলেন, ‘পরিষদের সদস্যসংখ্যা বাড়িয়ে ২৫ করতে সবার একমত হওয়া দরকার।’ভেটো দেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে পুরি বলেন, ভেটো দেওয়ার ক্ষমতা থাকা উচিত। তবে কোন পরিস্থিতিতে বা অবস্থায় ভেটো দেওয়া হবে, তা নিয়েও আলোচনা প্রয়োজন। তিনি বলেন, ‘পরিষদের সম্প্রসারণের অর্থ এই নয় যে, স্থায়ী সদস্যদের উঁচু টেবিল থেকে নেমে নিচে বসতে হবে। কিন্তু, যেসব রাষ্ট্রের প্রভাব আছে, যারা পরিষদের কাজে অংশ নেয় এবং এর সুনাম বাড়াতে কাজ করে, তাদেরও শামিল করা দরকার।’ভারতের মতো পাকিস্তানও দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদের সদস্যপদে প্রার্থী। এ বিষয়ে প্রশ্নের জবাবে পুরি বলেন, যদি দক্ষিণ এশিয়ার ওই দেশ স্থায়ী সদস্যপদ পেতে চায়, তবে তার উচিত সদস্যপদ চেয়ে আবেদন করা। সাধারণ পরিষদের ১৯৩টি সদস্যরাষ্ট্রের ভোটেই এর ভাগ্য নির্ধারিত হওয়া উচিত।