নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলবে যুক্তরাষ্ট্র
ইরানের বিরুদ্ধে সৌদি আরবের রাষ্ট্রদূত হত্যার ষড়যন্ত্রের অভিযোগ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল বুধবার এক পশ্চিমা কূটনীতিক এ কথা জানিয়েছেন। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে।ওই কূটনীতিক জানান, এ অভিযোগ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচিত হতে পারে। যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও অন্য মিত্ররা নিরাপত্তা পরিষদে এ অভিযোগ তোলার বিষয়ে আলোচনা করছে।হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সৌদি বাদশা আবদুল্লাহর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। উভয় নেতা এ ষড়যন্ত্রকে আন্তর্জাতিক রীতিনীতি ও আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন।এদিকে, গতকালই ইরানের মাহাম এয়ারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে এই ইরানি বিমান সংস্থাটির সব সম্পদ জব্দ করার পাশাপাশি তাদের সঙ্গে কোনো ব্যবসা না করার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিমান সংস্থাটি গোপনে কুদস্ বাহিনী ও হিজবুল্লাহ সদস্যদের পরিবহন করছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে কাজ করছে যুক্তরাষ্ট্র। ইরানের প্রতি সতর্কতা উচ্চারণ তিনি করে তিনি বলেন, ‘কোনো আলোচনা নয়।’