নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন নিয়ে আলোচনা সোমবার
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আগামী সোমবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের আবেদন বিষয়ে আলোচনা হবে। জাতিসংঘে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাওয়াফ সালাম গতকাল শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।নাওয়াফ সালাম বলেছেন, ‘আমি নিরাপত্তা পরিষদের সব সদস্যের কাছে ফিলিস্তিনের আবেদনপত্র পৌঁছে দিয়েছি। এ আবেদনের বিষয়ে সদস্যদের আগামী সোমবার স্থানীয় সময় বিকেল তিনটায় আলোচনার জন্য আহ্বান জানিয়েছি।’এর আগে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গতকাল শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে পূর্ণ সদস্যপদের আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনটি পাস হতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে অন্তত নয়টি সদস্যরাষ্ট্রের সমর্থন প্রয়োজন। তবে ভেটো ক্ষমতা অধিকারী পাঁচটি রাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়ার কেউ ভেটো দিলে আবেদনটি বাতিল হয়ে যাবে।ওয়াশিংটন আগেই বলে দিয়েছে, ফিলিস্তিনের প্রস্তাবে তারা ভেটো দেবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ওয়াশিংটন হয়তো ভেটো না-ও দিতে হতে পারে।